২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির নির্লিপ্ততায় আস্কারা পাচ্ছে ক্ষমতাসীনরা: বিএনপি

বর্তমান নির্বাচন কমিশনের ‘নির্লিপ্ততা’র কারণে কয়েকটি উপজেলার নির্বাচনে ক্ষমতাসীনরা সহিংসতার ‘আস্কারা’ পাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 08:19 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

১৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় নির্বাচনের আগের দিন রোববার ঢাকার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের অধীনে এটাই প্রথম একসঙ্গে একাধিক স্থানে নির্বাচন। এই ইসির নিরপেক্ষতা নিয়ে শুরুতেই সন্দেহ প্রকাশ করে বিএনপি।

রিজভী বলেন, “ভোটারদের আতঙ্ক, ভয় ও ভীতিকর পরিবেশ বজায় রাখতে শাসক দলের সহিংস সন্ত্রাস জরুরি। এই সহিংসতা আস্কারা পাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের নির্লিপ্ততার কারণে।

“এই কমিশনের অধীনে ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত ও স্বচ্ছ নির্বাচন কখনোই সম্ভব নয়। আমি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের এহেন নির্লিপ্ত ও নির্বাক ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।”

পটুয়াখালীর রাঙ্গাবালী, বাগেরহাটের মোড়েলগঞ্জ, পাবনার সুজানগর, কুমিল্লার আর্দশ উপজেলায় বিএনপির প্রার্থীদের প্রচারে বাধা, নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সিইসি নূরুল হুদার জেলা পটুয়াখালী রাঙ্গাবালীর একটি ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, “গত ৩ মার্চ সেখানে মৌডুবী বাজারে বিএনপির প্রার্থীর নির্ধারিত পথসভায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালালে ৫০ জন নেতা-কর্মী আহত হয়। প্রশাসনের ছত্রছায়ায় এই তাণ্ডব চলেছে।

“সিইসির বাসভবন থেকে রাঙ্গাবালী উপজেলার দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার দূরে।নিজ এলাকায় যেখানে নির্বাচনী সহিংসতা বন্ধে সিইসি ব্যর্থ, সেখানে কীভাবে সারাদেশের নির্বাচন তিনি বা তার কমিশন কন্ট্রোল করবেন, সেটাই এখন বড় প্রশ্ন।”

“যেসব উপজেলায় কাল নির্বাচন হবে, সেখানে ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিএনপির প্রার্থীরা প্রচার-প্রচারণা করতে পারেনি। অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না,” বলেন তিনি।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সম্বলিতপ্রচারপত্র বিলিতেও বিএনপি নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

৭ মার্চ বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবসে সারা দেশের জেলা ও মহানগরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মনির হোসেন, যুবদলের মোরতাজুল করীম বাদরু, এসএম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।