২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত জটিলতা দূর করার আহ্বান খালেদার

যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত জটিলতায় বাংলাদেশের নাগরিকরা যে ‍সমস্যার সম্মুখীন হচ্ছে, তা সমাধানের অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 07:54 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

শনিবার বিকালে যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী অলোক শর্মার সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এ আহ্বান জানান বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।

সাক্ষাতের পর এক ব্রিফিংয়ে তিনি বলেন, “ভিসা সংক্রান্ত জরুরি একটা বিষয় নিয়ে বৃটিশ মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। আমাদের এখন দিল্লী থেকে ভিসা আসে যেটা এখানে আমাদের নাগরিক যারা রয়েছেন, বিশেষ করে যুক্তরাজ্যে যাদের সবসময় যাতায়াত করতে হয়, লেখা-পড়ার ক্ষেত্রে, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে, তাদের জন্য অনেক অসুবিধার সৃষ্টি হয়। এই বিষয়টা আমরা তাদের নলেজে নিয়ে এসেছি।

“তারা একে অত্যন্ত গুরুত্ব দেবেন বলে আমাদের বলেছেন।”

একই সঙ্গে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা প্রতিনিধিত্বশীল সরকার যুক্তরাজ্য দেখতে চায় বলেও জানান ফখরুল।

“তারা (যুক্তরাজ্য) বাংলাদেশের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক চান। বাংলাদেশে তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন সবসময় দেখতে চেয়েছেন, এখনও তারা সেটাই দেখতে চান। যেন প্রতিনিধিত্বশীল একটা সরকার অবশ্যই এখানে তারা দেখতে চান।”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল ৪টা থেকে ঘণ্টাব্যাপী এই সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আগামী সংসদ নির্বাচন, রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির বিষয়গুলো আলোচনায় উঠেছে বলে নেতারা জানিয়েছেন।

সাক্ষাতের পর বৃটিশ মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

সাক্ষাৎকালে মির্জা ফখরুল ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান ও ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেইক উপস্থিত ছিলেন।

গত ২ মার্চ তিনদিনের সফরে বৃটিশ মন্ত্রী ঢাকায় আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে।

ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, “দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক আরও কিভাবে উন্নত করা যায়, বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে সম্পর্ক আরও কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কীভাবে যুক্তরাজ্যের অবদান বাড়ানো যায় এবং ছাত্র-ছাত্রীদের যুক্তরাজ্যে প্রশিক্ষণ, পড়াশোনা ও উচ্চ শিক্ষার বিষয়গুলোকে নিশ্চিত করবার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

“বিএনপির পক্ষ থেকে বলেছি যে, আমরা যুক্তরাজ্যের সাথে সম্পর্ক আরও উন্নত করতে চাই। একই সঙ্গে আমাদের বাণিজ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাজ্যের ভূমিকা আরও উন্নত দেখতে চাই।”

সংবাদ ব্রিফিংয়ে চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।