বাল্য বিবাহ আইনের ‘বিশেষ প্রেক্ষাপট’ বাতিলের দাবি বিএনপির
‘বিশেষ প্রেক্ষাপটে’ বিয়ের বয়সসীমা শিথিল করে বাল্য বিবাহ নিরোধ আইন সংশোধন সরকারের প্রতিক্রিয়াশীল চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, “সংসদে পাস হওয়া ‘বাল্য বিবাহ নিরোধ বিল-২০১৭’ বাংলাদেশের সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। আমরা মনে করি, পূর্বের আইন অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে ১৮ বৎসর এবং ছেলেদের ক্ষেত্রে ২১ বৎসর বয়সসীমা সঠিক ছিল।
“এখানে কোনো বিশেষ প্রেক্ষাপট বিধির প্রয়োজন ছিল না। দেশের মানুষ মেয়েদের ক্ষেত্রে ১৮ ও ছেলেদের ক্ষেত্রে ২১ বৎসর বিবাহের ন্যুনতম বয়স মেনে নিয়েছিল। এই আইন পাস করার মধ্য দিয়ে সরকার তার প্রতিক্রিয়াশীল চরিত্রের বহিঃপ্রকাশ ঘটালো। আমরা এই আইনের নিন্দা জানাচ্ছি এবং আইন সংশোধন করে বিশেষ ক্ষেত্রে ছাড়ের যে বিধি তা বাতিল করার জন্য দাবি জানাচ্ছি।”
গত ২৭ ফেব্রুয়ারি সংসদে বাল্য বিবাহ নিরোধ বিল-২০১৭ পাস হয়। এই আইন পাস হওয়ায় মেয়ে ও ছেলেদের বিয়ের নুন্যতম বয়স আগের মতো ১৮ ও ২১ বছর বহাল থাকলেও ‘বিশেষ প্রেক্ষাপটে’ কম বয়সেও বিয়ের সুযোগ তৈরি হয়েছে।
দেশের নারী সংগঠনগুলোর পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিলটি পাস না করতে বাংলাদেশের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়ে আসছিল।
দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি মনে করে-গত কয়েক দশক যাবত, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার পরে শিশু ও নারী অধিকারের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। সেই অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে এই আইন। বাল্য বিবাহ বাংলাদেশের সামাজিক অগ্রগতির ক্ষেত্রে একটি বড় বাধা।”
