খালেদার সাজা হলে বিএনপি ভাঙবে: কামরুল
দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে তার দলে ভাঙন হবে বলে মনে করছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, “আদালত তার ভাগ্য নির্ধারণ করবে। তবে এটা নিশ্চিত, খালেদা জিয়ার সাজা হলে বিএনপি দুই/তিনভাগে বিভক্ত হবে। সকল ভাগই পৃথক পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।”
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার চলছে। এছাড়া নাশকতাসহ আরও কয়েকটি মামলায়ও তিনি আসামি।
এসব মামলায় সাজা হলে খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে আলোচনা রয়েছে। সাজা দিয়ে খালেদা জিয়াকে সরকার নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখতে চায় বলে বিএনপির নেতাদের অভিযোগ।
আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম সংসদে বলেন, “২০১৮ সালের শেষে বা ২০১৯ সালের প্রথমে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন মিশন গঠিত হয়েছে। বিএনপি এই কমিশন নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে যতই ধূম্রজাল সৃষ্টি করুক না কেন তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেই।
“সংবিধান সম্মতভাবে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। বিএনপির ওই নির্বাচনকালীন সরকারে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। কারণ তারা বর্তমান সংসদে প্রতিনিধিত্ব করে না।”
তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারাধীন দুর্নীতির মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তির পথে। খালেদা জিয়ার আইনজীবীরা বার বার সময় চাওয়ায় মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয়েছে। এই মামলায় খালেদা জিয়ার সাজা হবে, তা মওদুদ সাহেব অনুধাবন করতে পেরেছেন বলেই বলছেন- খালেদা জিয়ার সাজা হলেও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। তিনি আরো বলছেন, তিন বছর সাজা হলে সাথে সাথে জামিন পাবেন। আর ৭ বছর সাজা হলে জামিন পেতে কয়েকদিন বিলম্ব হবে-এটা নির্ঘাত তিনি ধরে নিয়েছেন।
“কিন্তু আপিল বিভাগ চূড়ান্ত নিষ্পত্তি করলে এবং সাজা বহাল রাখলে কী হবে তা কিন্তু তিনি বলেননি। খালেদা জিয়ার ভাগ্যে কী আছে আমরা তা জানি না।”
বক্তব্যে নিজের দলের সমালোচনাও করেন কামরুল।
তিনি বলেন, “শেখ হাসিনা আজ বিশ্বসভার একজন নন্দিত নেত্রী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, নোবেল বিজয়ী অমর্ত্য সেনও বিভিন্ন সময়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উল্লেখ করেন। কিন্তু আমাদের সমস্ত অর্জনকে ম্লান করে দিচ্ছে এক শ্রেণির চাঁদাবাজ, ভূমিদস্যু, চর-নদী ও খাল দখলকারী কুলাঙ্গারেরা।
“বেশিরভাগ ক্ষেত্রেই এরা আমাদের ছায়াতলে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এরাই আমাদের বড় শত্রু। আমরা নিজেরা নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এমন আত্মকলহে অস্ত্রের মহড়ায় লিপ্ত হই, তাতে সাধারণ মানুষের প্রাণ যায়। শেখ হাসিনার সমালোচনা কেউ করে না। আমরাই এদের কারণে সর্বাত্মক সমালোচিত হই।”
তিনি বলেন, “আমাদের অনেকের বিভিন্ন কর্মকাণ্ড ও আমাদের বিভিন্ন সহযোগী সংগঠনের কারণে আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছি। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আমাদের জয়লাভ করতেই হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই।”
