বিএনপির ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তারে পরোয়ানা
রাজধানীর যাত্রাবাড়ী থানার বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার এক নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের (মহানগর দায়রা জজ) বিচারক কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
একই সঙ্গে বিচারক আগামী ২ এপ্রিল গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন রেখেছেন বলে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানিয়েছেন।
পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য আসামিরা হলেন- শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেল, আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নীরব, মীর সরাফত আলী সপু।
মামলার অন্যতম আসামি আমানউল্লাহ আমান মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড় এলাকায় ২০ দলের নেতাকর্মীরা রড, লাঠি, পেট্রোলবোমাসহ অবস্থান নেয়।
তারা বলাকা নামের একটি বাসে অগ্নিসংযোগ করে এবং অন্যান্য যানবাহনেও অগ্নিসংযোগের চেষ্টা করে।
ওই ঘটনায় যাত্রাবাড়ী থানার এএসআই ইব্রাহিম আকন্দ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করেন।
মামলাটি তদন্ত করে এসআই নাসির উদ্দিন গত বছরের ২৪ অক্টোবর আদালতে ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
