২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান প্রধান উপদেষ্টা হন নাই, হুদা কি করবেন: নজরুল

বিএনপির আমলে বিতর্ক ওঠায় সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব না নেওয়ার কথা তুলে ধরে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে সেপথ ধরতে পরোক্ষ পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2017, 07:29 PM

Updated : 25 Jul 2022, 08:54 PM

সাবেক এই আমলাকে সিইসি নিয়োগ করে সরকার দেশকে অনাকাঙ্খিত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীতে এক আলোচনা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে শুধু গুরুত্বপূর্ণ না, প্রধান ভূমিকা। এই প্রধান ভূমিকা পালনের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, তাদের নিয়ে বিতর্ক থাকা বাঞ্ছনীয় নয়। তাদের নিয়ে দুশ্চিন্তা থাকা অপ্রয়োজনীয় এবং অনাকাঙ্ক্ষিত।

“সরকার দেশকে সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।”

এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বাতলে দিতে গিয়ে বিচারপতি কে এম হাসানের প্রসঙ্গ টানেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

“আপনাদের জানা আছে, বিচারপতি কে এম হাসান যিনি ১৯৮০ সালের পরে আর কোনো দিন বিএনপি করেন নাই। ২০০৬ সালে, মানে ৩৬ বছর পরে, একসময় বিএনপি করেছেন- সেই অভিযোগে তাকে দায়িত্ব পালনে বাঁধা দেওয়া হয়েছে। তিনি আত্মমর্যাদাশীল মানুষ, সেই দায়িত্ব গ্রহণে অনীহা প্রকাশ করেছেন।

“এখন যিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন তিনি কী করবেন, সেটা তিনি ভালো বুঝবেন।”

সার্চ কমিটির সুপারিশ করা ১০ জন থেকে সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ সদস্যের যে নির্বাচন কমিশন গঠন করেন তাতে সিইসি নূরুল হুদার সঙ্গে কমিশনার হিসেবে আছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী বন্ধু দলের উদ্যোগে ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন নির্বাচন কমিশনের ভুমিকা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

নজরুল ইসলাম খান বলেন, এবারের নির্বাচন কমিশন আধ্যাত্মিকতার ফসল হতে পারে কিন্তু জনমতের প্রতিফলন হয়েছে- একথা বলা যায় না।

সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি ও তরিকত ফেডারেশনের দেওয়া তালিকা থেকে তিন জন কমিশনার হয়েছেন বলে দাবি করে তিনি বলেন, “এই অস্বাভাবিক ঘটনার পেছনে অবশ্যই কোনো আধ্যাত্মিক কারণ আছে। সেই কারণ অনুসন্ধান করলে কোনো আধ্যাত্মিক মানুষ পাওয়া যাবে না, ক্ষমতাশালী কোনো মহল পাওয়া যাবে।”

সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।