ইসির সমালোচনা বিএনপির কৌশল: নাসিম
নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে বিএনপির সমালোচনা দলটির ‘রাজনৈতিক কৌশল’ বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি নেতাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শুক্রবার এক শোক সভায় নির্বাচন কমিশন গঠন ও বিএনপির অবস্থান নিয়ে কথা বলেন ক্ষমতাসীন দলের নেতা নাসিম।
তিনি বলেন, বিএনপি সব সময় ইসি, নির্বাচন নিয়ে ‘বিতর্ক সৃষ্টি করে রাখতে চায়’। এখনকার যে সমালোচনা হচ্ছে, সেটা অতীতের ধারাবাহিকতায় তাদের ‘রাজনৈতিক কৌশল’।
“অতীতে আমরা দেখেছি যে কোনো নির্বাচনে জেতার আগ পর্যন্ত তারা সমালোচনা করতে থাকে, পরে জিতলে বলে- কারচুপি না হলে আরও বেশি ভোট পেতাম।”
এ প্রসঙ্গে ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের উদাহরণ টানেন নাসিম।
“সে সময় শেখ হাসিনা স্বেচ্ছায় লতিফুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। টু শব্দটি হয়নি, কেউ বলেনি, আমরা একদিনও দেরি করিনি। শপথের দিন বিএনপি আসেনি। কারণ সে নাকি আওয়ামী লীগের লোক। সেই লতিফুর রহমান সাহেব কী আচরণ করেছেন- আপনাদের তা মনে আছে।
“তার (বিচারপতি লতিফুর) ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে। এটা হচ্ছে তাদের ট্যাকটিস।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, “আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না, এটা ভালো লাগে না। খেলে জিততে চাই। খেলতে চাই বলেই আজ আমরা এতো প্রস্তুত হচ্ছি। বিএনপিকে বলব, খেলার জন্য প্রস্তুত হন। মাঠে জার্সি পরে নামেন। আমাদের জার্সি নৌকা, ওদের ধানের শীষ।
“প্রস্তুত হন, সময় খুব বেশি নাই, ইলেকশন হবে, রেফারি নিযুক্ত হয়ে গেছে।”
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইতোমধ্যে সার্চ কমিটির সুপারিশ থেকে সাবেক সচিব কে এম নূরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন ইসি নিয়োগ করেছেন। কিন্তু বিএনপির অভিযোগ, এই কমিশনের সদস্যদের নাম এসেছে প্রধানমন্ত্রীর ইঙ্গিতেই।
এ বিষয়ে নাসিম বলেন, রাষ্ট্রপতি চাইলে নিজেই ইসি নিয়োগ দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। বরং তিনি তার ক্ষমতা জনগণের ওপর ছেড়ে দিয়েছেন।
“নতুন ইসি নিয়ে তারা বলছে, আওয়ামী লীগ অন্য দলের মাধ্যমে নাম দিয়েছে। এটা কোনো কথা হলো নাকি? আমি ১৪ দলের মুখপাত্র। আমার সাথে তো এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।”
সার্চ কমিটির নাম দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, সে প্রসঙ্গ টেনে রসিকতার সুরে নাসিম বলেন, “প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছিলেন প্রত্যেকে গোপনে নাম দিতে। কাদের নাম আমরা প্রস্তাব করব? আমি নিজে নিজের নাম দিয়েছি। আপনাদেরকে বলে রাখলাম, অফ দ্য রেকর্ড।”
নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক পদগুলো আইন অনুযায়ী চলে মন্তব্য করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “এখন যে নির্বাচন কমিশনাররা এসেছেন, তারা সবাই অভিজ্ঞ লোক। তাদের বিষয়ে বিতর্ক সৃষ্টি করে বিএনপি আসালে কী চায়- সেটা এখন জানার বিষয়।”
এ কমিশনের সদস্যদের প্রতি নিজের আস্থার কথা তুলে ধরে নাসিম বলেন, “প্রত্যেকেরই মাঠে থেকে নির্বাচন করার অভিজ্ঞতা আছে। তারপর তারা ধীরে ধীরে ওপরে উঠে এসেছেন।... তাদের কাজ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কারও হবে না। সময় হলে আপনারা দেখবেন।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ও অভিনেতা সৈয়দ হাসান ইমাম বক্তব্য দেন।
