সার্চ কমিটিতে নাম দেবে আওয়ামী লীগ-বিএনপি
নতুন সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে নামের প্রস্তাব রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির কাছে রাখবে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ অধিকাংশ দলই সার্চ কমিটির কাছে পাঁচটি নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে।
তবে এক্ষেত্রে অন্য পথে হাঁটছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিসহ কয়েকটি দল। এভাবে নাম প্রস্তাবের বিরোধিতা করে সিপিবি বলেছে, এভাবে রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করলে ওই ব্যক্তিদের নিয়ে বিতর্ক আরও বাড়বে।
আগামী সংসদ নির্বাচন যারা পরিচালনা করবেন, তাদের নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার ছয় সদস্যের একটি সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তাদের ১০ দিন সময় দেওয়া হয়েছে। এরমধ্যে এই কমিটিকে নতুন নির্বাচন কমিশনারদের নামের এক প্রস্তাব বঙ্গভবনে পাঠাতে হবে। তার মধ্য থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন এই সার্চ কমিটি গত শনিবার প্রথম বৈঠকে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিটির কাছে কাছে পাঁচজন করে ব্যক্তির নাম চায়।
মঙ্গলবারের মধ্যে এই নাম জমা দেওয়ার সময় বেঁধে দেওয়ার পর দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি সিদ্ধান্ত নিতে দলের বৈঠক ডাকে।
সোমবার রাতে গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এক বৈঠকের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছেন।
আওয়ামী লীগের সভায় সিদ্ধান্ত হয়েছে, দলটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের প্রত্যেক সদস্য নামের তালিকা দেবেন। তা থেকে বাছাই করে পাঁচটি নাম সার্চ কমিটিতে পাঠানোর জন্য ঠিক করবেন শেখ হাসিনা।
গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের বৈঠক
দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া
ওই বৈঠকের পর জোটশরিক এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ সাংবাদিকদের জানান, সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের বিষয়ে তাদের মতৈক্য হয়েছে।
রাতে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর ফখরুল আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান, তারা সার্চ কমিটিতে পাঁচজনের নামের তালিকা জমা দেবেন।
“আমরা বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা নাম প্রস্তাব করব। ২০ দলের শরিক দলগুলোর সাথেও আমরা কথা বলেছি। রাষ্ট্রপতি যাদের ডেকেছেন, তারা নিজেরা নিজেরা তাদের নামগুলো পৌছাবে।”
২০ দলের শরিক যে ছয়টি দল রাষ্ট্রপতির সংলাপের আমন্ত্রণ পেয়েছিল, সব দল আলাদাভাবে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে।
অন্য রাজনেতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যে দুটি তাদের নামের তালিকা জমা দিয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এই বিভাগ সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছেন।
এই প্রস্তাবের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, এনবিআরের সাবেক সদস্য রাহেলা চৌধুরী, ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলীর নাম রয়েছে।
নতুন ইসিতে একজন নারী সদস্য থাকছে। ফলে সার্চ কমিটিকে নারীদের নামও প্রস্তাবে রাখতে বলেছেন রাষ্ট্রপতি। দলগুলোও সে অনুযায়ী একজন নারীর নাম প্রস্তাব করছেন।
জমা হওয়া প্রস্তাবে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম, সাবেক গভর্নর খোরশেদ আলম, সাবেক সচিব ফারুক আহমেদ সিদ্দিকী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল এর নামও এসেছে।
নাম দিচ্ছে যারা
সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি গতবার সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করলেও এবার তা করছে।
দলের কো চেয়ারম্যান জি এম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ৫ জনের নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক্ষেত্রে অন্তত একজন নারী সদস্যের নাম রাখা হতে পারে।”
একটি খসড়া তালিকা হয়েছে জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার তা চূড়ান্ত করে সার্চ কমিটির কাছে পাঠানো হবে।
কাদের প্রস্তাব করছেন- জানতে চাইলে কাদের বলেন, মানুষ হিসেবে যাদের অবস্থান গ্রহণযোগ্য ও কাজে দক্ষ তাদের নাম প্রস্তাব করা হবে।
সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা জানান, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যতা বিবেচনায় রেখে এক থেকে দুজন নারী সদস্যসহ ৫ জনের নাম মঙ্গলবার তারা জমা দেবেন।
হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদের সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা পাঁচজনের নাম চূড়ান্ত করেছেন। মঙ্গলবারই তা সার্চ কমিটির কাছে পাঠানো হবে।
আম্বিয়া-প্রধান নেতৃত্বাধীন জাসদের নেতা মুশতাক হোসেন বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি, বিচার বিভাগ, শৃঙ্খলা বাহিনী, পেশাজীবী ও লিঙ্গ সমতা বজায় রেখে ৫ সদস্যের নাম প্রস্তাব করা হচ্ছে। মঙ্গলবার তা জমা দেওয়া হবে।”
সোমবারই ৫ জনের নাম জমা দিয়েছেন বলে জানান সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। তবে ওই ৫ ব্যক্তির নাম জানাতে অস্বীকৃতি জানান তিনি।
গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আরশ আলী জানান, তারাও ৫টি নাম মঙ্গলবার জমা দিতে যাচ্ছেন।
“এর মধ্য থেকে ৫টি চূড়ান্ত করে মঙ্গলবার সার্চ কমিটির কাছে পাঠাব আমরা। সুলতানা কামালকে নির্বাচন কমিশনার করার সুপারিশ রয়েছে আমাদের।”
জাতীয় পার্টি-জেপির মহাসচিব শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব রেখে পাঁচজনের নাম সুপারিশ করবেন তারা।
তবে মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন দলটির সুপারিশে কোনো নারী সদস্যের নাম থাকছে কি না, তা এখনও অনিশ্চিত।
“কোনো নারী সদস্যের নাম দেওয়ার জন্যে বলা বলা হয়নি, শুধু ৫টি নাম দিতে বলেছে,” বলেন শহীদুল।
বিকল্প ধারা বাংলাদেশের সভাপতির প্রেস সচিব মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫ সদস্যের নাম জমা দেওয়ার কথা চলছে। কাল তা চূড়ান্ত করে পাঠানো হতে পারে।”
জাকের পার্টির মহাসচিব এজাজুর রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচজনের নাম চূড়ান্ত করে মঙ্গলবারই মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেবেন তারা।
তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ৫ সদস্যের নাম জমা দেব; এর মধ্যে নারীও থাকবে।”
“আমাদের অনুরোধ-রাজনৈতিক দলের পাঠানো নামগুলো পর্যালোচনা করেই এর মধ্য থেকে ৫ জনকে নিয়োগ দেওয়া হোক,” সার্চ কমিটি ও রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা রাখেন তিনি।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মো. আবদুল লতিফ নেজামী দলটির পক্ষ থেকে ৫ জনের নাম প্রস্তাব হবে জানালেও তারা কারা, তা স্পষ্ট করেননি।
“প্রস্তাবে নারী সদস্য থাকবে কি থাকবে না-তা বলা যাবে না। থাকতেও পারে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
গণফ্রন্ট চেয়ারম্যান মো. জাকির হোসেন ৫ সদস্যের নাম সোমবার জমা দিয়েছেন।
দলটির পক্ষ থেকে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম, সাবেক গভর্নর খোরশেদ আলম, সাবেক সচিব ফারুক আহমেদ সিদ্দিকী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ও এনবিআরের সাবেক সদস্য রাহেলা চৌধুরীর নাম প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল সাধারণ সম্পাদক শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারাও নাম জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। নারী সদস্যের প্রস্তাবও রয়েছে তাদের।
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, খেলাফত মজলিশ, বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ ও জমিয়তে উলামা-ই ইসলাম- বিএনপি জোটভুক্ত এই দলগুলো নামের তালিকা দিতে যাচ্ছে।
নাম দিলে ‘বিতর্ক বাড়বে’
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য কোনো নাম প্রস্তাব করবে না বলে সার্চ কমিটিকে জানিয়ে দিয়েছে সিপিবি।
মন্ত্রিপরিষদ বিভাগে সিপিবি সাধারণ সম্পাদক এক চিঠিতে জানান, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ব্যক্তিদের খুঁজে বের করা অনুসন্ধান কমিটির দায়িত্বের মধ্যে পড়ে। নাম জমা দেওয়া রাজনৈতিক দলের দায়িত্ব নয়।
“রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে সে সব নাম নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে ও বিতর্ক আরও বাড়তে পারে। আমরা বরং মনে করি যে, কোনো রাজনৈতিক দল যদি কোনো নাম সুপারিশ করে, সে ধরনের নাম ‘ডিসকোয়ালিফাই’করা উচিৎ,” বলা হয় চিঠিতে।
সিপিবির পাশাপাশি বাসদ এবং আ স ম রব নেতৃত্বাধীন জেএসডিও সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করছে না।
কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কৃষক, শ্রমিক, জনতা লীগ শুধু একজন নারীর নাম প্রস্তাব করেছে।
দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিইসি ও তিন নির্বাচন কমিশনারের কোনো নাম প্রস্তাব করব না আমরা। তবে নারী নির্বাচন কমিশনার হিসেবে একজনের নাম সুপারিশ করা হয়েছে।”
ইসি সচিবালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জেসমিন টুলীর নাম নির্বাচন কমিশনার হিসেবে সার্চ কমিটির কাছে ইতোমধ্যে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে ২০১২ সালে সার্চ কমিটি এক সপ্তাহ সময় দিলেও সংলাপে অংশ নেওয়া ২৩টি দলের অধিকাংশই কোনো নাম প্রস্তাব করেনি।
আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেছিল। বিএনপি ও জাতীয় পার্টি নাম প্রস্তাব করেনি।
