খালেদার উসকানিতে বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলন: টুকু
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি উসকানি দিচ্ছে বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আওয়ামী লীগের এই সংসদ সদস্য এ দাবি করেন।
তিনি বলেন, “২০১৩ সালে খালেদা জিয়া যেমন হেফাজতে ইসলামকে উসকানি দিয়েছিল, এখন তথাকথিত দেশপ্রেমিকদের উসকানি দিয়ে মাঠে নামানোর চেষ্টা করছেন।”
“আমাদের নেত্রী বলেছেন, বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। জনগণ বোঝে নেত্রী কখনও দেশের ক্ষতি চান না।”
রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলনকারীদের মুখোমুখি হয়েছেন দাবি করে টুকু বলেন, “তাদের আমি বলেছিলাম, খনিজ সম্পদ পড়ে রয়েছে কী করবেন। তারা জবাব দিতে পারেনি।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতার এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার ঢাকায় আধাবেলা হরতাল করেছে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বাম দলগুলোর পাশাপাশি পরিবেশবাদীদের একটি অংশের আশঙ্কা, এই বিদ্যুৎকেন্দ্র হলে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পরিবেশ-প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। তবে প্রধানমন্ত্রী তার বিভিন্ন বক্তব্যে তথ্য-উপাত্ত দিয়ে বরাবরই বলে আসছেন, এই বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
‘আপনার ফ্লো এসেছে, বলুন’
এ সময় সংসদে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তার সময় শেষ হয়ে যাওয়ার বিষয়টি জানান।
একই সঙ্গে ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় সংসদ সদস্য আপনার ফ্লো এসেছে, আপনি আরো দুই মিনিট বলেন।”
এ পর্যায়ে দুই মিনিট শেষ হওয়ার পরও টুকু কথা বলতে থাকেন এবং জনপ্রতিনিধি হিসেবে এলাকার কথা বলার জন্য আরও দুই মিনিট সময় চান। এ সময় ডেপুটি স্পিকার প্রথমে ১ মিনিট দিলেও পরে দুই মিনিটই সময় দেন। তবে এতেও ওই সংসদ সদস্য তার বক্তব্য শেষ করতে না পারলেও ডেপুটি স্পিকার তাকে নতুন করে আর সময় দেননি।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে আরও আলোচনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, কাজী রোজী, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরসহ অন্যরা।
