২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে উপ নির্বাচন: প্রচার শেষে ভোটের অপেক্ষা

টাঙ্গাইল-৪ আসনের (কালিহাতী) উপ নির্বাচনে সব ধরনের প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 02:20 AM

Updated : 19 Aug 2022, 03:37 PM

রোববার মধ্যরাত ১২টার পর প্রচার শেষ হওয়ায় নির্বাচনী এলাকায় নিষিদ্ধ হয়েছে বহিরাগতদের অবস্থান। মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাহী হাকিমের নেতৃত্বে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সও রয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রচারণা শেষ; সোমবার কেন্দ্রে কেন্দ্রে যাবে নির্বাচনী মালামাল।”

৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

উপ নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, “ব্যাপক জনসচেতনতা ও প্রচারণামূলক কাজ করেছি। আশা করি, পর্যাপ্ত সংখ্যক ভোটার থাকবে।”

সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এ উপ নির্বাচনে পুলিশ ও আনসারের ১৫টি মোবাইল টিম থাকছে। এছাড়া র‌্যাবের ১৫টি মোবাইল টিম, বিজিবির ২ প্লাটুন মোবাইল ও ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। প্রতি প্লাটুনে থাকবে ৩০ জন বিজিবি সদস্য।

প্রতিটি ভোটকেন্দ্রের দায়িত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর ২২ জন সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।

টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের সদস্য লতিফ সিদ্দিকী ছেড়ে যাওয়া এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- মোহাম্মদ হাছান ইমান খাঁন (আওয়ামী লীগ), আতাউর রহমান খান (বিএনএফ) ও ইমরুল কায়েস (এনপিপি)।

দশম সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব‌্য করে সমালোচনার মধ‌্যে তাকে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারাতে হয়।

২০১৫ সালের ১ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

এ আসনে উপ নির্বাচনের জন‌্য ২০১৫ সালের ২৮ অক্টোবর ভোটের দিন রেখে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ করলেও লতিফের ভাই কাদের সিদ্দিকীর রিট আবেদনে ভোট আটকে যায়।  

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে তার করা আপিল গত ১৮ জানুয়ারি আপিল বিভাগে খারিজ হয়ে গেলে এক বছরের বেশি সময় পর ভোটের বাধা কাটে।

এই আসনে মোট ভোটার তিন লাখ সাত হাজার ৭৭০ জন এবং  ভোটকেন্দ্র রয়েছে ১০৭টি।

পুরনো খবর:

লতিফ সিদ্দিকীর আসনে ভোট ৩১ জানুয়ারি