২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বসছেন খালেদা

সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনার হিসেবে পছন্দের ব‌্যক্তিদের নাম চাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 01:26 AM

Updated : 11 Apr 2022, 10:54 PM

রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

তিনি বলেন, “নতুন নির্বাচন কমিশনের সদস্য বাছাইয়ে গঠিত সার্চ কমিটির বিষয় নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডেকেছেন ম্যাডাম।”

নতুন নির্বাচন কমিশন নিয়োগে গঠিত সার্চ কমিটি শনিবার প্রথম বৈঠক করে। কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নাম প্রস্তাব করতে বলেছে তারা।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, যে ৩১টি দল সংলাপে অংশ নিয়েছে, তাদের ৩১ জানুয়ারি বেলা ১১টার মধ্য পাঁচটি করে নাম প্রস্তাব করতে বলা হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এই সার্চ কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ‌্যে নতুন নির্বাচন কমিশনের জন‌্য নাম প্রস্তাবের দায়িত্ব দেন। তাদের সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্যের ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

কমিটির অপর সদস্যরা হলেন- হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।