২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার কফিনে খালেদার শ্রদ্ধা

সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 12:07 AM

Updated : 19 Aug 2022, 03:36 PM

চিকিৎসাধীন অবস্থায় বুধবার যুক্তরাষ্ট্রের মারা যাওয়ার পর শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্যের লাশ ঢাকায় আসে।

রাত সাড়ে ৯টার দিকে তাকে শেষবারের মতো দেখতে নুরুল হুদার রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসায় যান বিএনপি নেত্রী । সেখানে প্রয়াতের স্ত্রী ও দুই ছেলের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন তিনি।

এ সময়ে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লাহ আমান, বোরহানউদ্দিন, আতাউর রহমা ঢালী, নাজিমউদ্দিন আলম, হারুনুর রশীদ, শেখ ফরিদ আহমেদ মানিক, শায়রুল কবির খান, ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান নুরুল হুদা। ১৯৯১ সালে খালেদা জিয়ার সংস্থাপন প্রতিমন্ত্রী ছিলেন তিনি। ২০০১ সালে চাঁদপুর থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন।

সকালে যুক্তরাষ্ট্র থেকে কফিন ঢাকায় আসার পর দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের কফিন আনা হলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মোহাম্মদ শাহজাহান, আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, আনোয়ারুল আজিমসহ কেন্দ্রীয় নেতারা পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।

এরপর সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

বাদ আসর নুরুল হুদার দ্বিতীয় নামাজে জানাজা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখান থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে কফিন নিয়ে যাওয়া হয় প্রয়াত নেতার মহাখালীর বাসায়।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে নুরুল হুদার কফিন চাঁদপুর নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের গ্রামের বাড়ি মতলবের বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পুরনো খবর:

সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদা মারা গেছেন