‘দল নিরপেক্ষদের’ বেছে নিন, সার্চ কমিটির প্রতি মওদুদ
নতুন নির্বাচন কমিশনের জন্য ‘দল-নিরপেক্ষ’ ব্যক্তিদের বাছাই করতে সার্চ কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা যে নীতি দিয়েছিলাম, তার উল্টোটা হয়েছে। দলের মহাসচিব প্রতিক্রিয়াও দিয়েছেন। এখন বাছাই কমিটি হয়ে গেছে। তারপরও আমি আশাবাদী, আমি আশা রাখতে চাই, এই কমিটি এমন ব্যক্তিদের সুপারিশ করবেন যারা কোনো দলীয় রাজনীতির সঙ্গে কোনোদিন সম্পৃক্ত ছিলেন না বা তাদের কোনো দলীয় সরকারের অধীনে কাজ করে সরকারি কাজে নিয়োজিত ছিলেন না।
“সার্চ কমিটির প্রতি বলব, এমন ব্যক্তিদের আপনারা সুপারিশ করুন, যাতে করে দেশের মানুষের আস্থা জন্মায় যে, আপনারা সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন করার জন্যই সুপারিশ করছেন।”
নবকিছুই এখন সার্চ কমিটির ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।
মওদুদ বলেন, “আপনারা যদি এখন এমন ব্যক্তিদের সুপারিশ করেন যাদের ব্যাকগ্রাউন্ড কোনো দলীয়, বিশেষ দলের সঙ্গে, আমাদের দলেরও সঙ্গে সম্পৃক্ত এমন কোনো ব্যক্তিকে আপনাদের উচিৎ হবে না সুপারিশ করা। আমরা চাই না সেই ধরনের সুপারিশ।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে জাতীয় সংলাপ’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
দেশের বর্তমান রাজনৈতিক সংকটের সমাধানের কথা উল্লেখ করে তিনি বলেন, “সমঝোতা হলো সবচাইতে বড় উপায়, সংকটের সমাধান করা। সমঝোতা ও সংলাপ- এগুলো সারা পৃথিবীতে যুগ যুগ ধরে চলে এসছে। সেজন্য আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব একটা সমঝোতার।
“এই সমঝোতা কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে নয়, সমঝোতা হতে হবে- যারা ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে এবং যারা বিরোধী দলে আছেন তাদের সঙ্গে একটা রাজনৈতিক সমঝোতা হতে হবে এই পুরো নির্বাচনটাকে নিয়ে। নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন সরকার সম্পর্কে একটি সমঝোতা হতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করব একটা সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমাধান করবার জন্য। আশা করি সরকার এগিয়ে আসবেন।”
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঘোষণা গত ২৬ জানুয়ারি ঢাকায় অর্ধদিবস হরতালে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর পুলিশ নির্যাতনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্যের কঠোর সমালোচনা করেন মওদুদ।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল পিপিলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ বক্তব্য রাখেন।
