২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিদের ‘নাক গলানোর’ দরকার নেই: কাদের

নির্বাচন কমিশন নিয়োগে গঠিত সার্চ কমিটি নিয়ে বিদেশিদের ‘নাক না গলানোর’ আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 12:25 AM

Updated : 11 Apr 2022, 10:54 PM

শুক্রবার বগুড়ায় এক কর্মীসভায় তিনি বলেন, ‘নিরপেক্ষ’ ব্যক্তিদের নিয়েই সার্চ কমিটি গঠন করা হয়েছে। এখানে আওয়ামী লীগের কেউ নেই।

বিএনপিসহ সক্রিয় অধিকাংশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বুধবার নতুন নির্বাচন কমিশন নিয়োগের জন্যন সম্ভাব্য ব‌্যক্তিদের বাছাই করতে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে গঠিত এই কমিটি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। আওয়ামী লীগ ঘরানার ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি করা হয়েছে বলে অভিযোগ তাদের।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স আগামী নির্বাচন সামনে রেখে সরকারের পদক্ষেপ জানতে কূটনীতিকদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়েছেন বলে গণমাধ্যমের খবর।

কূটনীতিকদের উদ্দেশ্যে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “সার্চ কমিটির বিষয়ে বিদেশিদের নাক গলানোর প্রয়োজন নাই।

“বিএনপির কথায় বিদেশিদের সঙ্গে রাষ্ট্রপতিকে বসতে হবে? আমরা কি মেরুদণ্ডহীন জাতি? ওই দিন চলে গেছে। আমাদের দেশে নীতি নির্ধারণ আমরাই করব।”

সার্চ কমিটি নিয়ে তিনি বলেন, “কে নিরপেক্ষ নয় বলুন, আমরা চ্যালেঞ্জ করব। একজন সাহিত্যিক কমিটিতে আছেন। তিনি ছাত্রলীগও করতেন না।

“বিএনপি চায়, আজিজ মার্কা লোক দিয়ে নির্বাচন। সেই আজিজ এখন তাদের দলে। আমাদের কোনো নেতা কমিটিতে নেই। ওখানে আওয়ামী লীগের কেউ নেই।”

বিএনপিকে নিয়ে ‘বিচলিত’ হওয়ার কিছু নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসাবে না। ভোট দেবে বাংলার মানুষ, কোনো বিদেশি নয়।”

আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি ‘ক্ষমতার দাপট’ না দেখিয়ে জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দেন দলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। সামনে নির্বাচন, দুই বছর সময় হাতে। উন্নয়ন যা বাকি রয়েছে তা করব।

“জমিদারি ভাব না দেখিয়ে নেতার সঙ্গে কর্মীর, কর্মীর সঙ্গে জনতার সেতু তৈরি করুন।”

কর্মীসভায় বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালেদ মাহমুদ চৌধুরী ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

সার্চ কমিটি নিরপেক্ষ হয়নি: বিএনপি