২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় আহত বিএনপি নেতা খোকন ও তার স্ত্রী

নরসিংদীর মাধবদী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী মহিলা দলের সাবেক সভানেত্রী শিরিন সুলতানা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 11:10 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

দুইজনকেই আহত অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যায় নরসিংদী থেকে ঢাকা ফেরার পথে মাধবদী মোড়ের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাক খোকন ও শিরিনকে বহনকারী প্রাইভেট কারে ধাক্কা দেয়।

“প্রাইভেট কারটির ব্যাপক ক্ষতি হয়েছে। পরে অন্য একটি গাড়িতে করে তাদের ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে।”

সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন শেষে খোকন নরসিংদী গিয়েছিলেন বলে জানান টিপু।

শিরিন সুলতানা দীর্ঘদিন মহিলা দলের সভানেত্রী ছিলেন। সম্প্রতি ‘এক নেতা একপদ’ নিয়ম চালু হওয়ায় বিএনপির নতুন কমিটিতে স্বনির্ভর বিষয়ক সম্পাদক হলেও তিনি ওই পদ থেকে পদত্যাগ করে মহিলা দলের নেতৃত্বে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন।

কিন্তু মহিলা দলের নতুন কমিটিতে তাকে না রাখায় বেশ কয়েক মাস যাবৎ নিষ্ক্রিয় ছিলেন শিরিন।

এদিকে দুর্ঘটনায় আহত শিরিন ও বিএনপি নেতা খোকনকে দেখতে রাত সাড়ে ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় চিকিৎসকদের কাছ থেকে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন বিএনপি মহাসচিব।

তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা এজেডএম জাহিদ হোসেন, আবদুল কাইয়ুম, ফজলুল হক মিলন, হাবিবুল ইসলাম হাবিব, ফরহাদ হোসেন ডোনার, শামা ওবায়েদ, আকরামুল হাসান ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

পরে শায়রুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মহাসচিব আহত নেতাদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তারা শঙ্কামুক্ত। তাদের চিকিৎসা চলছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং মির্জা আব্বাসও টেলিফোনে আহতদের সঙ্গে কথা বলে খোঁজ-খবর নেন বলে জানান শায়রুল।