২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল নিয়ে জাতীয় কমিটিকে সমর্থন দিয়ে যাবে বিএনপি: ফখরুল

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা যে কোনো কর্মসূচিতে পাশে থাকবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 09:10 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সমর্থনের কথা ঘোষণা করেন।

তিনি বলেন, “এর আগেও রামপালের বিষয়ে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি, দেশনেত্রী চেয়ারপারসন তিনি নিজে এ নিয়ে বক্তব্য রেখেছেন, আমরা এই বিষয়ে আন্দোলন করেছি। এই যে আন্দোলনকারী যারা আন্দোলন করছেন, তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটি, তাদেরকে আমরা সমর্থনও দিয়েছি। দুর্ভাগ্যজনক হচ্ছে, আমরা যখন গতবার সমর্থন দিলাম তারা এমন একটা বিরূপ মন্তব্য করলেন, যেটা আমাদেরকে হার্ট করেছে।

“তারপরও আমরা পরিস্কারভাবে বলতে চাই, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন যেন না হয়, তার জন্য যে কোনো ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সমর্থন আছে, অব্যাহত থাকবে।

ভারতের সঙ্গে যৌথ উদ্যো গে বাগেরহাটের রামপালে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুনৎ কেন্দ্র হচ্ছে, যা বিশ্ব ঐতিহ্য। সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকিতে ঠেলে দেবে দাবি করে এর বিরুদ্ধে তেল-গ্যা স রক্ষা কমিটির ব্যা নারে আন্দোলন করছে বাম দলগুলো।

সম্প্রতি বিএনপি এই আন্দোলনে সমর্থন জানায়, খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে ওই প্রকল্প রামপাল থেকে সরানোর দাবিও তোলেন।

তার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির মদদে এই আন্দোলন হচ্ছে বলে খালেদার সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হয়েছে।

বিএনপির সঙ্গে জোট বেঁধে আন্দোলনের সম্ভাবনা নাকচ করে আনু মুহাম্মদ এর আগে বলেন, “আমরা দীর্ঘদিন এটা নিয়ে আন্দোলন করে আসছি। এখন তিনি (খালেদা) উপলব্ধি করে সমর্থন করেছেন ভালো, তবে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন সম্ভব না।

“যে সব দল ক্ষমতায় থাকাকালে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করেছে, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো প্রশ্নই ওঠে না।”

এর পর শনিবার রাজধানীর শাহবাগে ‘গ্লোবাল প্রটেস্ট ডে ফর সুন্দরবন’ উপলক্ষে ‘সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি’ আয়োজিত এক সমাবেশ থেকে রামপাল প্রকল্প বাতিলের দাবিতে ২৬ জানুয়ারি ঢাকায় আধাবেলা হরতালের ঘোষণা দেন জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

ওই কর্মসূচিকে কেন্দ্র করেই সাংবাদিকরা বিএনপি মহাসচিবের কাছে দলের অবস্থান জানতে চান।

রামপাল প্রকল্পের বিষয়ে ফখরুল বলেন, “তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষায় জাতীয় কমিটির আন্দোলনকারী যারা আছেন, তারা অনেকেই রাজনীতির সাথে সরাসরি জড়িত নন। দেশের স্বার্থে তারা একটা ইস্যু নিয়ে কাজ করছেন, কথা বলছেন, জনমত তৈরি করছেন। যেটাতে আমার মনে হয়, দেশের ৯৯ ভাগ মানুষ একমত যে, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি স্থাপিত হওয়া দেশের জন্য মঙ্গলজনক নয়।

“তারা (সরকার) গায়ের জোরে চালিয়ে যাচ্ছে যে, এটা করতেই হবে। গতকাল দেখলাম কিছু বিশেষজ্ঞ নিয়ে এসেছেন, ভারত থেকে বিশেষজ্ঞ নিয়ে এসছেন, তারা জাস্টিফাই করছে যে এটা করা যেতে পারে।”