২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র চলছে: কাদের

সংসদ সদস‌্য মঞ্জুরুল ইসলাম লিটন হত‌্যাকাণ্ড শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের আলামত হিসেবে দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 07:02 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

‘ষড়যন্ত্রকারীদের’ হুঁশিয়ার করে তিনি বলেছেন, “১৯৭৫ আর ২০১৭ সাল এক নয়। ’৭৫ সালের বঙ্গবন্ধু অপেক্ষা ২০১৭ সালে সেই বঙ্গবন্ধু হাজার গুণ শক্তিশালী।

“আমি বলতে চাই, শেখ হাসিনার কিছু হলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। সেই আগুনের লেলিহান শিখায় ষড়যন্ত্রকারীরা ছাই হয়ে যাবে।”

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‌্যাবর্তন দিবস পালনের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক সভায় বক্তব‌্যে এই হুঁশিয়ারি দেন কাদের।

গত শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে আওয়ামী লীগ সংসদ সদস‌্য লিটনকে গুলি চালিয়ে হত‌্যা করে যায় কয়েক দুর্বৃত্ত। হত‌্যাকাণ্ডের পেছনে জামায়াতে ইসলামীকে সন্দেহ করছেন আওয়ামী লীগ নেতারা।

তারা বলে আসছেন, পঁচাত্তরে বেঁচে যাওয়া শেখ হাসিনাকে হত‌্যার ষড়যন্ত্র এখনও চলছে।

কাদের বলেন, “গাইবান্ধায় লিটনকে মেরে টেস্ট কেস চলছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ষড়যন্ত্র চলছে। জনগণের ভোটে আওয়ামী লীগকে আর পরাজিত করা যাবে না। তাই আজ ষড়যন্ত্রকারীরা চক্রান্তের চোরাগলিতে এসে গেছে।

“লিটনকে কারা হত্যা করেছে, তা সারাদেশের মানুষের জানা হয়ে গেছে। এই হত্যা জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের বিপক্ষে পুরনো ষড়যন্ত্রেরই আরেক রূপ।”

১০ জানুয়ারির জনসভা সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, “এবছরের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সর্বকালের সর্ববৃহৎ জনসভা হবে।

“এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক উগ্রবাদের বিপক্ষে নবজাগরণ ও গণজোয়ার অটুট রাখার জন্য সকল নেতাকর্মী ও দেশের সর্ব শ্রেণির মানুষের উদ্দেশে বিশেষ বক্তব্য প্রদান করবেন।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের প্রশংসাও করেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

“ঢাকা সিটি করপোরেশনের উন্নয়ন তখনই বুঝব, যখন এই এলাকায় খাদ্য ভেজাল থেকে মুক্ত হবে, এই এলাকার তরুণ প্রজন্ম মাদক মুক্ত হবে। আমি মনে করি, খোকন উদ্যোমী নেতা, সে পারবে।”

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুক হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।