আন্দোলন সময়মতো: খালেদা
‘সময়মতো’ আন্দোলনে নেমে বিএনপিকে ফের ক্ষমতায় নেওয়ার আশা দলের নেতা-কর্মীদের দিয়েছেন খালেদা জিয়া।
দিন-ক্ষণ কিংবা সময় না জানালেও সেই আন্দোলনের জন্য নেতা-কর্মীদের এখন থেকেই তৈরি থাকতে বলেছেন তিনি।
রোববার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খালেদা বলেন, “এরশাদবিরোধী আন্দোলন করেছি, আমি তোমাদের সঙ্গে রাজপথে ছিলাম। এই বিএনপিকে তিনবার ক্ষমতায় এনেছি।
“ইনশাল্লাহ দলকে সুন্দর করে গুছিয়ে …. কোনো গ্রুপিং-লবিং থাকবে না, যারা উপযুক্ত যোগ্য তাদেরকে নেতৃত্ব দিয়ে বিএনপি আবার ক্ষমতায় আসবে।”
“তোমাদের সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে দেশটাকে রক্ষা জন্য; আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য, গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রস্তুতি নিতে হবে,” ছাত্রদল নেতা-কর্মীদের বলেন বিএনপি চেয়ারপারসন।
দশম সংসদ নির্বাচন বর্জনের পর আন্দোলন চালিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে ব্যর্থ হয় বিএনপি। দলটির আন্দোলনের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা।
নির্দলীয় সরকারের দাবিতে দৃশ্যত নমনীয় হয়ে আসা বিএনপি ইসি গঠনের সংলাপে অংশ নেওয়ার মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথে এগোচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
তার মধ্যেই সহযোগী ছাত্র সংগঠনের অনুষ্ঠানে দল গোছানোর সঙ্গে আন্দোলনের কথাও বললেন বিএনপি চেয়ারপারসন।
“আন্দোলন করতে হবে সময়মতো। আমরা অহেতুক বলব না, সময়মতো আন্দোলন হবে।”
‘উল্টাপাল্টা স্লোগান চলবে না’
ছাত্রদলের নেতা-কর্মীদের নানা স্লোগানের সমালোচনা করে তাদের ‘ভালো স্লোগান’শেখার পরামর্শ দেন খালেদা জিয়া।
তিনি বলেন, “খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই-এই কথায় আমি আর বিশ্বাসী নই, এই কথা আমি মানি না। আমরা বলব, রাজপথে অনেকে থাকার কথা, থাকে নাই। রাজপথ ছাড়ি নাই বললে হবে না। রাজপথ ছাড়ি নাই বললে ভুল হবে। এই স্লোগানগুলো দয়া করে আর দেবে না।
“উত্তর-দক্ষিণ স্লোগান দিলে হবে না, উল্টা-পাল্টা স্লোগান দিলে হবে না। ভালো স্লোগান শেখ, তাহলে কাজে দেবে।”
ছাত্রদলের নেতা-কর্মীদের ‘ছেলে-মেয়ে’ সম্বোধন করে তাদের পড়াশোনা ও শৃঙ্খলার উপর জোর দেওয়ার আহ্বানও জানান বিএনপি চেয়ারপারসন।
“বস্তির ছেলে-পেলে এনে দল করতে হবে না। সংখ্যা আমি চাই না, আমরা দেখতে চাই কোয়ালিটি। আমি ভালো, যোগ্য, উপযুক্ত মেরিট ছেলে-পেলে দেখতে চাই।”
জিয়াউর রহমানে জীবন-কর্ম সম্পর্কে জানার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের তার জীবনী গ্রন্থ পড়ার পরামর্শও দেন বিএনপি চেয়ারপারসন।
‘হত্যাকাণ্ডে কষ্ট লাগে’
গাইবান্ধায় আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে ব্যথিত হওয়ার কথা জানান বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, “নতুন বছরে ভেবেছিলাম আনন্দের খবর দেখব। কিন্তু পত্রিকাগুলোতে দেখলাম- গাইবান্ধা ও খুলনায় হত্যা। যেই হোক না কেন, কষ্ট লাগে।
“কীসের জন্য এই হত্যা। এই হত্যা বন্ধ করতে হবে। আমি বিএনপি-আওয়ামী লীগ কিছু বুঝি না, আমি বুঝি হত্যা বন্ধ করতে হবে। কোনো দলের লোককে হত্যা করা যাবে না। তারা মানুষ, সেজন্যই।”
‘দেশ ধ্বংস করে দিচ্ছে’
আওয়ামী লীগ দেশকে ধ্বংষ করতে চাইছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া।
তিনি বলেন, “দেশকে এরা (ক্ষমতাসীনরা) পরিকল্পিতভাবে, চিন্তাভাবনা করে চিরতরে ধ্বংস করে দিতে চায়। আমরা দেখেছি, সিকিম লেন্দুপ দর্জি হয়েছিল। কিন্তু উনি দর্জি হবেন না, আরও বেশি কিছু হতে চান। খুব পরিকল্পিতভাবে তাদের সহযোগিতা নিয়ে তিনি দেশটাকে অন্যদিকে ঠেলে দিতে চান।”
সংসদে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সামরিক শাসনের কথা তুলে ধরে খালেদা বলেন, “এরশাদের সময়ে জয়নাল, জাফর, দীপালী সাহাসহ অনেককে ট্রাক তুলে হত্যা করেছে।
“এখন সব খুনিরা এক জায়গায় গিয়ে জুটেছে। ওখানে এক হয়ে তারা কী করছে। গুম করো, খুন করো। আর তাদের হদিস কোনো দিনও পাবে না। হ্যান্ডকাফ পরা লাশ পাওয়া যায়। এই হ্যান্ডকাফ কে লাগায়? পুলিশই লাগায়। তারাই ক্রসফায়ারে হত্যা করে। আমরা বলতে চাই, ক্রসফায়ার-গুম-খুন- এসব বন্ধ করতে হবে। পুলিশ দিয়ে এসব করা চলবে না।”
রাষ্ট্রীয় বাহিনী হিসেবে পুলিশকে বিরোধী দলের নেতা-কর্মীদের থানায় নিয়ে ‘পায়ে গুলি করে পঙ্গু’ বা ‘নির্যাতন’ না চালানোর অনুরোধ জানান বিএনপি চেয়ারপারসন।
বিভিন্ন হত্যাকাণ্ডের সুরাহা না হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সাগর বা রুনির কাছে তার কম্পিউটার বা ল্যাপটপে এমন কিছু তথ্য ছিল, তারা চেয়েছিলেন জনগণকে জানাবেন। সেটা জানার আগেই জেনে ফেলেছিল গোয়েন্দারা।
“বাংলাদেশে গোয়েন্দা কত আর অন্য দেশের গোয়েন্দা কত আছে, সেটাও আজকে জাতির জানা দরকার। কেন বাংলাদেশের মধ্যে অন্য দেশের গোয়েন্দা থাকবে, এটা থাকতে পারে না। “
ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, “ফেলানীকে মারল কারা? বিএসএফ মেরেছে। প্রতিনিয়ত বিএসএফ বাংলাদেশে প্রবেশ যেসব ঘটনা ঘটাচ্ছে, মানুষ ধরে নিয়ে যাচ্ছে, সীমান্তে মানুষ মারছে- তার কি প্রতিবাদ হয়েছে? আর খালেদা জিয়া একটু কথা বলছে সঙ্গে সঙ্গে সব শিয়ালগুলো হুয়াং হু করে উঠে। কিন্তু যখন বিএসএফ করে, তখন শিয়ালগুলোর মুখ বন্ধ থাকে।”
‘সাহেব-বিবি-গোলামের কারবার’
দশম সংসদের বিরোধী দল নিয়ে খালেদা জিয়া বলেন, “একটা অপজিশন বানাইছে, এটা সাহেব-বিবি-গোলামের কারবার হয়ে গেছে। দেখেন, একবার বিবি বসে, আরেকবার সাহেব বিরোধী দলের নেতা হতে চান। তাহলে উনার গুরুত্ব বেড়ে যাবে।
“উনি কাকুতি-মিনতি করেন আরেকবারের মতো রাষ্ট্রপতি করতে, তাহলে দেশটাকে জাহান্নামে নিয়ে যাবেন।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমালোচনাও করেন তিনি।
“ওই যে ১৪ দল বানিয়েছে, ১৪টা দলও তো না, নাম দিয়েছে ১৪ দল। সেইগুলো মধ্যে এমন লোক আছে, যারা কোনোদিন ক্ষমতায় আসতে পারিনি নির্বাচনের মাধ্যমে। এলাকায় বহুবার নির্বাচন করেছে, জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। তারা আজকে এমপি-মন্ত্রী। তারা ক্ষমতা ছাড়তে চাইবেন না, নানরকম কুবুদ্ধি দিয়ে ক্ষমতায় থাকতে চায়।”
“আমি মনে করি যে, আওয়ামী লীগের পুরনো দলের তারা ক্ষতি করছে। তাদের দলে ভালো ভালো উপযুক্ত নেতা আছে, তাদেরকেও সেই সুযোগটা দিচ্ছে না। তারা এভাবে কুক্ষিগত করে ফেলেছে।”
অস্ত্র কেনা প্রসঙ্গে
সামরিক বাহিনীর সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ করেন খালেদা জিয়া।
তিনি বলেন, “এই যে সব আর্মস কেনা হচ্ছে, আর্মস এভাবে কেনা হয় না। এর অনেক নিয়ম-কানুন আছে। কোনো নিয়ম-কানুনের ধার ধারে না, টেন্ডারের ধার ধারে না।
“আজকে ফট করে এই অস্ত্র কিনে ফেললাম, ওই অস্ত্র কিনে ফেললাম; রাশিয়া থেকে কিছু কিনলাম, ওখান থেকে কিছু কিনলাম, আমেরিকা থেকে কিছু কিনলাম, ইন্ডিয়া থেকে কিছু কিনালাম। যেখানে থেকে পাব, কমিশন দেওয়া হবে, ক্ষমতায় থাকার জন্য একটু আশ্বাস দেবে, তার কাছ থেকেই কেনা।”
পদ্মা সেতু হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া।
“পদ্মা সেতু আলাউদ্দিন চেরাগ থাকলে হয়ত বানিয়ে ফেলবে। নদী যে খরস্রোতা, কতদিন টিকবে জানি না। সেভাবে পিলার করার কথা সেভাবে হচ্ছে কি না জানি না। পদ্মা সেতুর প্রকল্প আমাদের সময় ৮ হাজার কোটি টাকা ছিল, এখন সেটা ২৮ হাজার কোটি টাকা হয়েছে। কতটুকু আগাবে সেটা আমরা জানি না।”
‘আমার প্রস্তাবগুলো পড়’
ছাত্রদল নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, “আমাদের প্রস্তাবাবলী তোমরা সবাই পড়েছে। পড়নি। তাহলে তোমরা কেমন ছাত্র? বই আকারে প্রকাশ করেছি, এটা পড়বে।
“আমরা বিএনপির মতো করে সাজিয়ে ওটা দিইনি রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি পড়েছেন সবটা। সেজন্য তাকে আমরা ধন্যবাদ দেব।”
আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে তিনি বলেন, “কারণ তারা যেসব আইন করছে, যেসব কাগজ দেখছি। সেগুলো শুনলে বোঝা যায়, তারা ক্ষমতা ছাড়তে আগ্রহী নয়।”
রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান বেলুন উড়িয়ে উদ্বোধন করেন খালেদা জিয়া।
তারপর মিলনায়তনে সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো নেতা-কর্মী যোগ দেওয়ায় মিলনায়তন ছাড়িয়ে আশ-পাশের এলাকাও ভরে যায়।
আলোচনা সভা শুরুর আগে আসন নেওয়া নিয়ে দুই দফা উত্তেজনা সৃষ্টি হয়েছিল; তখন নেতাদের হস্তক্ষেপে তা থামে।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমঞ্চে সংগঠনটির সাবেক নেতারা
ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদি তালুকদার।
অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, আমীরুল ইসলাম খান আলীম উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আবদুল মান্নান, এ জেড এম জাহিদ হোসেন, নাজমুল হক নান্নু, আতাউর রহমান ঢালী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, আফরোজা আব্বাস, আনোয়ার হোসেইন, হাফেজ আবদুল মালেক, শিরিন সুলতানা, রেহানা আখতার রানু, নিলোফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, শাম্মী আখতার, মারুফ কামাল খান।
অধ্যাপক সুকোমল বড়ুয়া, ওবায়দুল ইসলাম ও আবদুল লতিফ মাসুম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শনিবার মধ্যরাতে কেক কাটার মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর দুদিনের অনুষ্ঠান শুরু হয়। রোববার সমাবেশের পর সোমবার জিয়াউর রহমানের কবরে ফুল দেবেন সংগঠনটির নেতারা।
