২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিতে অবসরপ্রাপ্ত আইজিপি চায় বিএনএফ

নতুন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে একজন অবসরপ্রাপ্ত পুলিশ মহা পরিদর্শককে (আইজিপি) নির্বাচন কমিশনার নিয়োগের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 08:03 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

বৃহস্পতিবার বঙ্গভবনে ১৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে বিএনএফের প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ এই প্রস্তাব দেন।

আধঘণ্টার বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, বিএনএফ সভাপতি ইসির ধারাবাহিকতা রক্ষার জন্য একাধিক ধাপে কমিশনার নিয়োগের প্রস্তাব দেন।

অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি নির্বাচন কমিশনে অবসরপ্রাপ্ত আইজিপি রাখার প্রস্তাবও তিনি দিয়েছেন বলে প্রেস সচিব জানান।

সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে বিএনএফ প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, “বর্তমান কমিশনারদের মধ্যে থেকে একজনকে সিইসি করার প্রস্তাব দিয়েছি।

“আমরা বলেছি, নির্বাচন পরিচালনায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য একজন অবসরপ্রাপ্ত আইজিপিকে নির্বাচন কমিশনার হিসেবে রাখার প্রস্তাব দিয়েছি।”

প্রতিনিধি দলে ছিলেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসিরা খাতুন, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মমতাজ জাহান চৌধুরী, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান খান, এ ওয়াই এম কামরুল ইসলাম, আতিকুর রহমান নাজিম, শফিউল্লাহ চৌধুরী আন্দোলন, সৈয়দ মাহবুব হাসান আজাদ, মোস্তফা বাবুল, নজরুল ইসলাম আল মারুফ, পারভেজ তালুকদার, মীর রফিকুল ইসলাম, শাহরিয়ার ইকবাল, এসএম ইসলাম ও সৈয়দ মোখলেসুর রহমান।

গত ১৮ ডিসেম্বর সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনা শুরুর মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এই সংলাপ শুরু হয়।

এরপর জাতীয় পার্টি, লিরারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কৃষক-শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক পার্টি-জাসদ ও ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনায় বসেছেন রাষ্ট্রপতি।

আগামী ২ জানুয়ারি বিকাল ৪টায় জাতীয় পার্টি (জেপি), ৩ জানুয়ারি বিকেল ৩টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে সংলাপ হবে রাষ্ট্রপতির সাথে।

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব নেবে নতুন ইসি। ওই কমিশনের অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা।