২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি গঠন: আরও ৬ দলকে আমন্ত্রণ

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য আরও ছয়টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।

বঙ্গভবন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 07:05 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মঙ্গলবার এই ছয়টি দলকে তারা চিঠি পাঠিয়েছেন।

নতুন সূচি অনুযায়ী, সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আলোচনায় বসবেন ২৭ ডিসেম্বর বিকাল ৪টায়।

২৯ ডিসেম্বর বিকাল ৩টায় বাংলাদেশ ন্যশনালিস্ট ফ্রণ্ট (বিএনএফ) এবং একই দিন সাড়ে ৪টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপ্রধান।

২ জানুয়ারি বিকাল ৪টায় জাতীয় পার্টি (জেপি), ৩ জানুয়ারি বিকেল ৩টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে সংলাপ হবে।

রোববার সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনা শুরুর মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এই সংলাপ শুরু হয়। দ্বিতীয় দিন মঙ্গলবার আলোচনা হয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে।

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব নেবে নতুন ইসি। ওই কমিশনের অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।

প্রথম দফায় গত ১২ ডিসেম্বর পাঁচটি দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানায় বঙ্গভবন। এর মধ‌্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বুধবার বিকাল ৩টায় এবং কৃষক-শ্রমিক জনতা লীগের সঙ্গে একই দিনে বিকাল সাড়ে ৪টায় আলোচনা করবেন রাষ্ট্রপতি।

এলডিপির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের প্রেসিডেন্ট অলি আহমদ এবং কৃষক-শ্রমিক-জনতা লীগের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সভাপতি কাদের সিদ্দিকী।

২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনার সূচি থাকলেও সরকারের শরিক এ দলটির অনুরোধে তা পরিবর্তন করা হয়েছে বলে প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন।

“জাসদের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা ২৬ ডিসেম্বর বিকাল ৪টায় হবে। দলের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশের বাইরে থাকবেন বলে দলের পক্ষ থেকে আলোচনার সূচি পরিবর্তন করতে অনুরোধ জানানো হয়,” বলেন প্রেস সচিব।

বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এই ধারাবাহিক সংলাপ জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আলোচনার আমন্ত্রণ জানানো হতে পারে।