২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরপেক্ষ ইসির’ দাবি নিয়ে সংলাপে যাবেন খালেদা

খালেদা জিয়া ‘নিরপেক্ষ’ নির্বাচন কমিশন গঠনের দাবি এবং এ বিষয়ে নিজের প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যাবেন বলে জানিয়েছে তার দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 03:55 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

পুরনো খবর:

সংলাপ: বিএনপির নেতৃত্ব দেবেন খালেদা

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “সুষ্ঠু ও সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে, সেই ধরনের একটি যোগ‌্য নির্বাচন কমিশন গঠন করবার জন্য আমরা বার বার বলে এসেছি। সেজন্য একটা প্রস্তাবও দিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা সেই প্রস্তাব পেশ করব।”

আগামী ১৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় বঙ্গভবনে বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়েই নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ শুরু হবে। পর্যায়ক্রমে অন‌্য রাজনৈতিক দলের সঙ্গেও বসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব নেবে নতুন ইসি। ওই কমিশনের অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।

নতুন ইসি গঠনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ‌্যোগ নেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

নির্বাচন কমিশন গঠনের জন‌্য বিএনপি রাষ্ট্রপতির কাছে কোনো নাম প্রস্তাব করবে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, “আপনারা জানতে পারবেন।”

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ভোরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অপর্ণ করেন দলের চেয়ারপারসন খালেদা।

মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সন্মান জানাতে ফুল দেওয়ার পর স্মৃতিসৌধের বেদীতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

দলের জ‌্যেষ্ঠ নেতাদের মধ‌্যে মির্জা ফখরুল ছাড়াও, আবদুল মঈন খান, শাহজাহান ওমর, রুহুল কবির রিজভী এ সময় চেয়ারপারসনের সঙ্গে ছিলেন।

সাভার থেকে ফিরে দুপুরে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ঢাকার শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে যান খালেদা জিয়া। সেখানে ফুল দেওয়ার পর মোনাজাতে অংশ নেন।

অন‌্যদের মধ‌্যে খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, আবুল খায়ের ভুঁইয়া, আফরোজা আব্বাস এবং কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল বলেন, “একাত্তরের সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, বিজয় ছিনিয়ে নেই, তখন আমাদের সামনে স্বপ্ন ছিল সত্যিকার অর্থে স্বাধীন-সার্বভৌম একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার। আজ ৪৫ বছর পর সেই গণতন্ত্র অবরুদ্ধ, মানুষের অধিকার লুণ্ঠিত।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “একটি জগদ্দল পাথরের মতো এই সরকার... সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক উপায়ে এই দেশ শাসন করছে। তাদের মূল লক্ষ বিরোধী দল ও ভিন্নমতকে দমন করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।”

মহানগর বিএনপি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, ছাত্রদল, জাসাস, ড‌্যাব, ইঞ্জিনিয়ার্স অ‌্যাসোসিয়েশন, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, জিয়া পরিষদ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জিয়া সাংস্কৃতিক সংগঠনসহ বিএনপিপস্থি বিভিন্ন সংগঠন এদিন জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করে।