বিএনপিকে সংলাপে ডাকাকে স্বাগত আওয়ামী লীগের
আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির সংলাপের আহ্বান নাকচ করে এলেও নতুন ইসি গঠনে দলটিকে রাষ্ট্রপতি আলোচনার জন্য ডাকাকে স্বাগত জানাচ্ছে।
বঙ্গভবনের ঘোষণার পর সোমবার ঢাকার গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবও সবার সাথে আলোচনা করে সার্চ কমিটি গঠনের মাধ্যমে সুন্দর নির্বাচন কমিশন উপহার দিয়েছিলেন।
“নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি, সবার সাথে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন তিনি উপহার দেবেন।”
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গঠনের সময় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান (প্রয়াত) সব দলের সঙ্গে আলোচনা করেছিলেন।
এই কমিশনকে ‘সরকারের আজ্ঞাবহ’ বলে আসছে বিএনপি। দশম সংসদ নির্বাচন বর্জনের পর থেকে তারা নির্দলীয় সরকারের অধীনে সংলাপ চেয়ে আসছে। তবে তাতে ক্ষমতাসীনদের কোনো সাড়া নেই।
এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে ১৩ দফা প্রস্তাব দেন। তা নিয়ে বিএনপি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করতে চাইলেও সময় পায়নি।
এর মধ্যে সোমবার বঙ্গভবন থেকে ইসি গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ঘোষণা দেওয়ো হয়। ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনা দিয়ে এই সংলাপ শুরু হবে।
নতুন ইসির অধীনেই পরবর্তী সংসদ নির্বাচন হবে। ওই নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে আওয়ামী লীগ।
‘তৈমুর প্রার্থী হলেন না কেন?’
বিএনপি বারবার নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হানিফ।
“বিএনপির অভ্যাস নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। আন্দোলনের কোনো ইস্যু না পেয়ে তারা ইস্যু তৈরি করতে চায়। এই ষড়যন্ত্রে সব সময়ই বিএনপি ব্যস্ত থাকে।”
গতবারের মতো এবারও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বিএনপি বর্জন করতে পারে বলে সন্দেহ পোষণ করছেন তিনি।
হানিফ বলেন, “তৈমুর খন্দকার এবা প্রার্থী হলেন না কেন? তিনি একটি টিভি চ্যানেলকে বলেছেন- ‘একটা কারণ আছে সেটা বলা যাবে না’। সেই কারণ হল নির্বাচনের আগের রাতেই তাকে নির্বাচন প্রত্যাহার করতে হয়েছিল।
“আসলে নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নিজেদের প্রার্থীকে কোরবানি দিতে দ্বিধা বোধ করে না। এই ভয়ে এবার তৈমুর নির্বাচনে প্রার্থী হন । আসলে বিএনপি চায়, যে কোনো মূল্যে নির্বাচনকে বিতর্কিত করতে।”
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়নের কোনো পরিস্থিতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হানিফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
