২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেল কাস্ত্রোকে স্মরণ সিপিবির

কিউবা বিপ্লবের নায়ক ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে ঢাকায় আয়োজিত এক শোকসভায় তার নেতৃত্বের প্রশংসা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 09:26 PM

Updated : 12 Apr 2022, 03:24 AM

সোমবার রাজধানীর দলীয় কার্যালয়ে এই শোকসভার আয়োজন করে সিপিবি।

ফিদেল কাস্ত্রো তার দেশকে ‘বিস্ময়করভাবে’ এগিয়ে নিয়ে গেছেন বলে শোকসভার আলোচনায় অংশ নিয়ে মন্তব্য করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেছেন, “সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে বিপ্লবের প্রতীক কমরেড ফিদেল কাস্ত্রো। মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারেই কাছে থেকেও তিনি কিউবার বিপ্লবকে সফল করেছেন।

“সাম্রাজ্যবাদের চাপিয়ে দেওয়া অন্যায় অবরোধ, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে তিনি কিউবার বিপ্লবকে শুধু রক্ষাই করেননি, কিউবাকে বিস্ময়করভাবে অগ্রসর করে নিয়ে গেছেন।”

সভায় সেলিম আরো বলেন, “সমাজতন্ত্রের প্রশ্নে ফিদেল ছিলেন পাহাড়ের মতো অবিচল। সমাজতন্ত্রের ঝাণ্ডা নিয়ে বিশ্বের নিপীড়িত ও আক্রান্ত মানুষের পাশে তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। তার লড়াই কিউবায় সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।”

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ফিদেল ও তার দলের অকুণ্ঠ সমর্থনের কথা বাংলাদেশের জনগণ চিরদিন কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে মন্তব্য করে তিনি বলেন, “কমরেড ফিদেল কাস্ত্রো বিশ্বের নিপীড়িত, নির্যাতিত, মুক্তিকামী মানুষের মুক্তির লড়াইয়ে বেঁচে থাকবেন। বিশ্ব কমিউনিস্ট আন্দোলনে তিনি অনন্ত প্রেরণার উৎস হয়ে থাকবেন।”

অনুষ্ঠানে সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, “কিউবার বিপ্লব অন্য সব বিপ্লব থেকে একেবারেই স্বতন্ত্র। শিক্ষা, চিকিৎসাসহ কিউবার সাফল্য বিস্ময়কর।

“কিউবার বিপ্লবের মহানায়ক কাস্ত্রো তার দেশের জনগণকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছিলেন। আর এই লড়াই ছড়িয়ে পড়েছে লাতিন আমেরিকা থেকে সারা বিশ্বে। এই মহান বিপ্লবীর মৃত্যুর মধ্য দিয়ে অসামান্য এক বিপ্লবী জীবনের অবসান হলো।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কিবরিয়া, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, শ্রমিক নেতা মাহবুবুল আলম, ক্ষেতমজুর নেতা আনোয়ার হোসেন রেজা, কৃষক নেতা নিমাই গাঙ্গুলি, যুবনেতা হাফিজ আদনান রিয়াদ, উদীচী নেতা জামসেদ আনোয়ার তপন, গার্মেন্ট শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, আইনজীবী নেতা হাসান তারিক চৌধুরী, ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার।

শোকসভার শুরুতে গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। শোকসভায় ফিদেল কাস্ত্রোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শেষে প্রামাণ্যচিত্র ‘ফিদেল: দ্য আনটোল্ড স্টোরি’ প্রদর্শিত হয়।

এর আগে শোকসভায় ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে সিপিবি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।