২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের প্রার্থী আইভী পাশে চান ‘সবাইকে’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 12:46 AM

Updated : 11 Oct 2022, 09:21 PM

পুরনো খবর:

নারায়ণগঞ্জে আ. লীগের প্রার্থী আইভী

মনোনয়ন পাওয়ার পর ঢাকা থেকে নিজের এলাকায় ফিরে আইভী বলেন, “সকল ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে নির্বাচন করব।”

পাঁচ বছর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে দলের আরেক নেতা শামীম ওসমানকে হারিয়ে মেয়র হয়েছিলেন আইভী। এরপর বিভিন্ন সময়ে তাদের বিরোধ সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে, টেলিভিশন টক শোতে এসেও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন তারা।

আইভীর কাছে মেয়র নির্বাচনে হেরে যাওয়া শামীম ওসমান এখন নারায়ণগঞ্জ- ৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সম্প্রতি নারায়ণগঞ্জে এক জনসভায় মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে পরিচয় করিয়ে দেন তিনি।

এরপর নির্বাচনের তফসিল ঘোষণা হলে মহানগর আওয়ামী লীগ বর্ধিত সভা করে আইভীকে বাদ দিয়ে তিন প্রার্থীর নাম প্রস্তাব করে।

ওই সভায় শামীম ওসমানের সমর্থনপুষ্ট আনোয়ার হোসেনের নাম মেয়র পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়। তার বিকল্প হিসেবে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নাম প্রস্তাবের সিদ্ধান্ত হয়।

তবে শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইভীকেই বেছে নেওয়া হয়।

দলের এই সিদ্ধান্তে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আইভী। এর মধ্য্ দিয়ে নারায়ণগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য তার।

এখন ভোটের লড়াইয়ে দলীয় অন্তর্কোন্দল ভুলে সবাইকে নিয়ে এগোনোর প্রত্যাশা জানিয়েছেন তিনি।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় এ ভোটে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি প্রধান প্রতিপক্ষ বিএনপি। প্রার্থী হতে আগ্রহী নারায়ণগঞ্জের সাত থেকে আটজন নেতা শুক্রবার দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানিয়েছেন।

তবে প্রতিপক্ষের যে-ই প্রার্থী হোক না কেন ভোটের লড়াইয়ে জয়ের বিষয়ে আশাবাদী গত ১৩ বছর ধরে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়র হিসেবে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করা আইভী।

“আশা করি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জের মানুষ নৌকা প্রতীককে বিজয়ী করবে।”

গণভবন থেকে রাতে নারায়ণগঞ্জে ফিরে নগরীর দুই রেলগেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইভী। এসময় দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় কয়েক হাজার নেতাকর্মী-সমর্থক সমবেত হয়ে ‘নৌকা/নৌকা’ শ্লোগান দেন।

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায়ও আনন্দ মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

দলীয় মনোনয়ন পাওয়ায় আইভীকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বোর্ড সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়েছে। যিনি নৌকা পাবেন তিনিই আমাদের প্রার্থী।

“আমাদের দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের পক্ষে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।”

আওয়ামী লীগ বড় দল হওয়ায় একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতে পারেন মন্তব্য্ করে তিনি বলেন, “মনোনয়ন তো একজনকেই দিতে হবে। তাই দলে কোন্দল থাকলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।”

তার এ বক্তব্যের সমর্থন মিলেছে স্থানীয় আওয়ামী লীগ সুপারিশকৃত আনোয়ার হোসেনের সমর্থক হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীলের কথায়।

তিনি সাংবাদিকদের বলেন, “কেন্দ্রীয় আওয়ামী লীগ আমাদের নির্দেশনা দিয়েছিল, তাই মেয়র পদে প্রার্থীদের নাম পাঠিয়েছিলাম। আমরা সেই নির্দেশনা অনুযায়ী তিন জনের নাম প্রস্তাব করে পাঠিয়েছিলাম।

“তবে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তের এখতিয়ার হচ্ছে পার্টির নির্বাচনী বোর্ড ও সর্বোপরি পার্টির সভানেত্রী শেখ হাসিনার। তারা মেয়র আইভীকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করেছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি। এখন কেন্দ্র থেকে যা সিদ্ধান্ত দেয়, আমরা সে অনুযায়ী কাজ করব।”

তবে পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতিতে নারায়ণগঞ্জে প্রভাবশালী ওসমান পরিবারের সঙ্গে টানাপড়েনে থাকা আইভী শেষ পর্যন্ত দলের বিভেদ কতোটা মেটাতে পারবেন তা সময়ই বলে দেবে।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর নারায়ণগঞ্জে ওসমানদের অনুপস্থিতিতে প্রবাস থেকে ফিরে আওয়ামী লীগকে নেতৃত্ব দেন আইভী। তার বাবা আলী আহমদ চুনকা ওসমানদের বিপক্ষ শিবিরে থেকে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন।

২০০৩ সালে চেয়ারম্যান হওয়ার পর আট বছর এবং মেয়র হওয়ার পর আরও পাঁচ বছর মিলিয়ে ১৩ বছর নারায়ণগঞ্জ নগরবাসীর প্রতিনিধি হিসেবে কাজ করছেন আইভী।