২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছায়েদুল হকের কোনো দোষ নেই: নাসিম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা নিয়ে সমালোচনার মধ‌্যে থাকা স্থানীয় সংসদ সদস‌্য ছায়েদুল হকের কোনো দোষ খুঁজে পাচ্ছেন না মন্ত্রিসভায় তার সহকর্মী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 08:47 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

পুরনো খবর:

নাসিরনগরে হামলার পেছনে মোকতাদির সমর্থকরা

তিনি বলেছেন, “নাসিরনগরের ঘটনায় এমপি ছায়েদুল হকের সামান্যতম দোষ নেই। আমরা সেখানে গিয়েছিলাম, সমস্ত এলাকা পরিদর্শন করেছি, তার কোনো দোষ বা ত্রুটি খুঁজে পাইনি।”

১৪ দলের সমন্বয়ক হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য নাসিম জোটের একটি প্রতিনিধি দল নিয়ে সম্প্রতি নাসিরনগর ঘুরে আসেন, যেখানে গত ৩০ অক্টোবর অন্তত ১৫টি মন্দির এবং হিন্দুদের দেড় শতাধিক ভর ভাংচুর-লুটপাট হয়।

আওয়ামী লীগের দুই পক্ষের অন্তর্কোন্দল ওই সাম্প্রদায়িক সন্ত্রাসে প্রভাব ফেলেছিল বলে অভিযোগ এসেছে। মৎস‌্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে বেকায়দায় ফেলতে অন‌্য পক্ষ তাতে ইন্ধন দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে উঠে আসে।

স্বাস্থ‌্যমন্ত্রী নাসিম মন্ত্রিসভার সহকর্মীর পক্ষে দাঁড়িয়ে সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে আরও বলেন, “সে সহজ-সরল মানুষ।

“যে মন্দির হামলার কথা বলা হয়েছে, সেই মন্দির নির্মাণের সময়ে ছায়েদুল হক সহযোগিতা করেছে।”

Image
সোমবার সচিবালয়ে বিশ্ব ব‌্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মন্ত্রী ছায়েদুল হক

সোমবার সচিবালয়ে বিশ্ব ব‌্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মন্ত্রী ছায়েদুল হক

সাম্প্রদায়িক সন্ত্রাসে ইন্ধনের জন‌্য বিএনপির দিকে ইঙ্গিত করে তা প্রতিরোধ করতে সবাইকে ঐক‌্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা নাসিম।

“জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যা করে সকল আন্দোলনে ব্যর্থ একটি মহল সাম্প্রদায়িক সন্ত্রাসে উস্কানি দিচ্ছে। সরকারকে বিব্রত করার জন্য এটা করা হচ্ছে।”

গণ-প্রকৌশল দিবস ও আইডিইবির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসিম।

আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বক্তব্য রাখেন।