আ. লীগের নতুন কমিটির প্রথম যৌথসভা টুঙ্গীপাড়ায়
আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা টুঙ্গীপাড়ায় অনুষ্ঠিত হবে।
দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা ১২টায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
সেখানে দোয়া ও মিলাদ মাহফিলের পর দুপর ২টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি কমপ্লেক্সে যৌথ সভাটি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলের পর গত ২৮ অক্টোবর গণভবনে দলের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক হয়। এরপর নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ সদস্যরা ৬ নভেম্বর টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ সদস্যদের রোববার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত ঘোষণা করা হয়।
