২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা নেই: ইইউকে কাদের

বিএনপির সঙ্গে সংলাপের কোনো ভাবনা আওয়ামী লীগের এখন নেই বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে জানিয়েছেন ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 08:29 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

ঢাকায় ইইউর মিশন প্রধান পিয়ের মায়াদন রোববার দেখা করে সংলাপের বিষয়ে জানতে চাইলে তিনি এই উত্তর দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানাতে রাজধানীর বনানীতে সেতু ভবনে তার সঙ্গে দেখা করতে যান মায়াদন।

বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের উপস্থিত সাংবাদিকদের বলেন, “আমাকে ‘কনগ্রেচুলেট’ করতেই তিনি এসেছিলেন। ইইউ দূত সরকারের বিভিন্ন কাজের প্রশংসা করেছেন; বিশেষ করে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নে আমাদের সক্ষমতা দেখে তারা ইমপ্রেসড।”

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি নিয়েও কথা হয়েছে বলে সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।

“পরবর্তী ইলেকশন নিয়ে কথা হয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন চেইঞ্জ হবে, সেই বিষয়ে সার্চ কমিটি নিয়ে তারা জানতে চেয়েছে- কীভাবে আমরা ভাবনাচিন্তা করছি, আমাদের প্ল্যান কী?”

“আমি বললাম, আমরা কনস্টিটিউশন ফলো করি। বাংলাদেশের সংবিধানেই বলা আছে নির্বাচন কীভাবে করতে হবে।

আর নির্বাচন কমিশনের চেইঞ্জের ব্যাপারটা তো মহামান্য রাষ্ট্রপতির বিষয়। সার্চ কমিটি তিনিই করবেন।”

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রত‌্যাশাও ইইউ রাষ্ট্রদূত।

ওবায়দুল কাদের বলেন, “উনারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, আমরাও ইনক্লুসিভ নির্বাচন চাই। বিএনপি যদি গায়ে পড়ে ইলেকশানে না আসে, তাহলে সেটা কীভাবে হবে?”

ইইউ রাষ্ট্রদূত সংলাপের কথা তুললে দশম সংসদ নির্বাচনে বিএনপিকে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনার উদ‌্যোগ নিয়ে সহযোগিতা না পাওয়ার কথা তাকে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনা করজোড়ে প্রার্থনার মতোই তাদেরকে বলেছেন। বেগম জিয়াকে গণভবনে ইনভাইট করেছিলেন ডিনারে। সেটা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ধারায় ভালো একটা পরিবর্তন বয়ে আনতে পারত, যদি বেগম জিয়া সেদিন পজেটিভলি রেসপন্স করতেন। তিনি সেটা করেননি, পরবর্তীতে ক্ষমতায় থেকেও প্রধানমন্ত্রী বেগম জিয়ার সন্তানের মৃত্যুতে তার ঘরের দরজায় গিয়েছিলেন। দরজাটা সেদিন বন্ধ করে দেওয়া কি সংলাপের দরজা বন্ধ করে দেওয়া নয়?

কাজেই সংলাপ তারা আন্তরিকভাবে চান না।”

“প্রয়োজন যখন হবে আমরা সংলাপে যাব। তবে এমুহূর্তে আমরা সংলাপ নিয়ে ভাবছি না,” বলেন ওবায়দুল কাদের।