২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভীতি ছড়ানো হচ্ছে: রিজভী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি বানচাল করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 02:09 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “৭ নভেম্বর উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।

“আমাদের কর্মসূচি বানচাল করছে, কারণ কী? দেশে কী আন্দোলন-সংগ্রাম শুরু হয়েছে? উদ্দেশ্য একটাই নেতা-কর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করা।”

অনুমতি থাকার পরও শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারের পাশে জিসাস এর রক্তদান কর্মসূচির জন্য তৈরি করা প্যান্ডেল পুলিশ ভেঙে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

রিজভী জানান, শনিবার রাজধানীর কদমতলী থানার নেতা জুম্মন চেয়ারম্যান, মাহবুব, মাসুম, হাসনাত, মিরাজনগর ইউনিট নেতা আওলাদ হোসেন, নরসিংদী জেলা ছাত্রদলের নজরুল ইসলাম ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সুমন চৌধুরী, খিলগাঁওয়ে জামাল, যাত্রাবাড়ির শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দিতে পুলিশ প্রশাসন যে অজুহাত উত্থাপন করে করেছে, তা কেবলমাত্র অনাচারমূলক রাষ্ট্রেই সম্ভব। সোহরাওয়ার্দী উদ্যানে কেন জনসভার অনুমতি দেয়নি তা কারও জানতে বাকি নেই।

“এরপর আমরা ৮ নভেম্বর নয়া পল্টনে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। এটি নিয়েও পুলিশ প্রশাসনের বিভ্রান্তিমূলক কথাবার্তা দেশবাসীকে হতবাক করেছে। পুলিশ কর্তৃপক্ষের রিসিভ করা চিঠির কপি আমরা গণমাধ্যমকে গতকাল দেখিয়েছি।”

শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অনুমতি পাওয়ার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন।