বিএমএ নির্বাচনে যাবে না ড্যাব
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিসমর্থিত চিকিকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই ঘোষণা দেন।
তিনি বলেন, “জাতীয় নির্বাচন কমিশনের মতোই বিএমএ নির্বাচন কমিশনও একতরফা নির্বাচনের লক্ষ্যে কার্য্ক্রম চালিয়ে যাচ্ছে। আমরা বিএমএ নির্বাচন-২০১৬ এর কার্য্ক্রম বর্জন করছি।”
নির্বাচন বর্জনের ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বিএমএ নির্বাচন কমিশন গঠনে নিয়মনীতি ভঙ্গ করা হয়েছে। তফসিল ঘোষণার আগে অংশগ্রহণকারী চিকিৎসক সংগঠনগুলোর সঙ্গে কোনো আলাপ-আলোচনা করা হয়নি।
.
“আমরা পুনঃ পুনঃ নির্বাচন কমিশন গঠন ও পুনঃতফসিলের আবেদন জানিয়েছি, কিন্তু তারা কর্ণপাত করেনি। এমতাবস্থায় আমরা বর্জনের এই সিদ্ধান্ত নিয়েছি।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান জানান, ২০১২ সালের বিএমএ নির্বাচন কমিশনের সম্পাদককে পদোন্নতি দিয়ে সভাপতি ও সদস্যকে পদোন্নতি দিয়ে সম্পাদক করে ২০১৬ সালে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
“তাদের এই পদোন্নতি ভোট জালিয়াতির পুরস্কার বলে আমরা মনে করি।”
বিএমএর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহ হবে।
সংবাদ সম্মেলনে ড্যাবের সভাপতি অধ্যাপক একেএম আজিজুল হক, কেন্দ্রীয় নেতা অধ্যাপক রফিকুল কবীর, অধ্যাপক মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক এমএ সালাম, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক হারুন আল রশিদ ও অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।
