২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের ওপর চাপ দেওয়া হচ্ছে: বিএনপি

বিচারের রায় নিজেদের পক্ষে আনতে ক্ষমতাসীনরা বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 01:09 AM

Updated : 20 Aug 2022, 02:07 PM

মঙ্গলবার ঢাকায় এক আলোচনা সভায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।  

তিনি বলেন, “ওরা (সরকার) নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে, ওরা গণতন্ত্র ধ্বংস করেছে, ওরা বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করছে বিভিন্নভাবে। আজকে মাননীয় প্রধান বিচারপতি আক্ষেপ করে বলছেন, বিচার বিভাগের ওপর দ্বৈত হস্তক্ষেপ চলছে। যথার্থ কথাই বলছেন।

“অর্থাৎ উনার (প্রধান বিচারপতি) ওপর বিভিন্নভাবে চাপ তৈরি করা হচ্ছে। শাসক দল তাদের পক্ষে বিচারের রায় নিয়ে আসার জন্য তাদের যে চাপ, সেটা স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তার যে আক্ষেপ ও তার যে ক্ষোভ প্রকাশ করেছেন, তাতে দেখবেন এটা সুস্পষ্ট হয়েছে।”

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে সংগঠনটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই প্রতিবাদ সভা হয়। গত ২৬ অক্টোবর যুব দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল।

আগামী নির্বাচনে জয় পেতে আওয়ামী লীগ সব জায়গায় নিজেদের পছন্দের ব্যক্তি আনতে চাইছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, “সব কিছু চায় শেখ হাসিনা- আদালত চাই, নির্বাচন কমিশন চাই, পুলিশ তো তার নিজের করে নিজের আঁচলে রেখেছেন, আইনশৃঙ্খলা বাহিনী তার এবং জনপ্রশাসন সবই তার থাকতে হবে। না হলে তার সাধের নির্বাচন কী করে হবে?

“যে নির্বাচন করলে এক হুঙ্কারের বাঁশিতে সব বলে উঠবে- এই নির্বাচনে নৌকা মার্কায় সিল পড়েছে, আওয়ামী লীগ জিতেছে। সেজন্য এসব প্রতিষ্ঠান সাজানো দরকার। এই সাজাতে গিয়েই তিনি (শেখ হাসিনা) আসন্ন পতন ডেকে আনছেন।”

আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন নিয়ে বিএনপির এই নেতা বলেন, “উনি (শেখ হাসিনা) বুঝতে পারছেন না যে রঙিন মরিচ বাতি দিয়ে গোটা শহরকে কাউন্সিলের সময়ে আলোকিত করেছেন, কিন্তু জনগণের হৃদয়ের আলো নিভে গেছে। জনগণ অন্ধকারে আছে, তারা শান্তিতে নেই, স্বস্তিতে নেই। প্রতিদিন তারা আতঙ্কের মধ্যে আছেন, ভয়ের মধ্যে আছেন।”

রিজভী বলেন, “শাসক দলের নেতা-মন্ত্রীরা বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। কখন নির্বাচন? আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এইচটি ইমাম কিংবা রকিবউদ্দিন মার্কা নির্বাচনে বিএনপি যাবে না। ওই নির্বাচন প্রহসনের নির্বাচন। ওই নির্বাচন হবে আওয়ামী লীগের আশা-আকাঙ্ক্ষার নির্বাচন। তাদের, তাদের নাতি-নাতনি পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্নের বিভোর নির্বাচন।”

ক্ষমতাসীনরা হুমকি দিলেও আগামী ৭ নভেম্বর যে কোনো মূল্যে সোহরাওয়ার্দী উদ্যানে ‘শান্তিপূর্ণ’ সমাবেশ করার ঘোষণা দেন তিনি।

“৭ নভেম্বর হচ্ছে এদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা নিশ্চিত করার বিপ্লব। এইদিনে আমাদের কর্মসূচি হবে। আপনারা প্রতিহত করবেন, পুলিশ-র‌্যাব-বিজিবিকে লেলিয়ে দেবেন। আমরা বলতে চাই, এদিন আমরা শান্তির প্রতীক জলপাইয়ের পাতা নিয়ে মুক্ত কণ্ঠে গান গাইতে গাইতে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে উপস্থিত হব। দেখি কত গুলি আছে- আপনারা জনগণের শক্তিকে কীভাবে প্রতিহত করেন।”

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলবার্ট পি কস্টার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুব দলের মোরতাজুল করীম বাদরু, আবদুল খালেক, মীর আলী নেওয়াজ, আ ক ম মোজ্জাম্মেল হক, এস এম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু প্রমুখ বক্তব্য রাখেন।