ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু স্থাপনায় হামলার বিচার দাবি বিএনপির
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনাকে ‘পরিকল্পিত’ দাবি করে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে বিএনপি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এ ঘটনা পরিকল্পিত; সামাজিক শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।
“বিএনপির পক্ষে আমি হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাংচুর, লুটপাট ও তাদের জানমাল বিপন্ন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের জানমাল ও উপাসনালয়ে আক্রমণ চালিয়ে যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
গত শুক্রবার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামের এক যুবকের ফেইসবুক পাতায় ‘ইসলামের অবমাননাকর’ একটি পোস্ট পাওয়ার কথা জানিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়।
কয়েকশ মানুষ দফায় দফায় হামলা চালিয়ে নাসিরনগরের অন্তত ১৫টি মন্দিরে ভাংচুর করে। হিন্দু সম্প্রদায়ের দেড়শ বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়।
পবিত্র কাবা শরীফ নিয়ে ফেইসবুকে ‘অবমাননাকর ও ধৃষ্টান্তপূর্ণ’ পোস্ট দেওয়ার নিন্দা জানিয়ে রিজভী বলেন, “যদিও রসরাজ দাসের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ফেইসবুকে আপত্তিকর ছবি পোস্ট দেওয়ার কথা সে অস্বীকার করেছে- তারপরও সত্যিকারের অপরাধের বিষয়টি যাচাই না করে আইন হাতে তুলে নেওয়া বর্বরতারই নামান্তর।”
বিএনপি সব সম্প্রদায়ের ধর্ম বিশ্বাসকে শ্রদ্ধা জানায় এবং দেশের সব জনগোষ্ঠির নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর বলে জানান তিনি।
