২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনুদের বরাদ্দ বাতিল করে মিলনায়তন নিজেদের চান আম্বিয়া

হাসানুল হক ইনু ও শিরিন আখতার নেতৃত্বাধীন জাসদকে দেওয়া বরাদ্দ বাতিল করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন নিজেদের নামে বরাদ্দ চেয়েছে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন দলের অপর অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 12:49 AM

Updated : 20 Aug 2022, 01:57 PM

তারা বলছেন,আগামী ৩১ অক্টোবর জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য তারা ১০ অগাস্ট এই মিলনায়তন বরাদ্দের আবেদন করলেও এক মাসের বেশি সময় পরে আবেদনকারী ইনু-শিরীন নেতৃত্বাধীন জাসদকে তা দেওয়া হয়েছে।

জালিয়াতির মাধ‌্যমে এ বরাদ্দ দেওয়া হয়েছে অভিযোগ করে এক বিবৃতিতে বলা হয়, “তাদের এ জালিয়াতির কাজে যোগসাজশ করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-আইইবির দু-একজন দুর্নীতিবাজ কর্মকর্তা।

“ইনু-শিরীন জাসদের জালিয়াত ও প্রতারক নেতারা ৬ সেপ্টেম্বর আইইবি কার্যালয়ে গিয়ে তাদের আবেদনপত্র জমা দেন এবং আইইবি কর্তৃপক্ষ সকল রীতি-নীতি ভঙ্গ করে তাদেরকে মিলনায়তন বরাদ্দ প্রদান করেন।”

এ পরিস্থিতিতে বাধ‌্য হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অন‌্য জায়গায় নেওয়ার কথা জানানো হয়েছে বিবৃতিতে।

ওই বরাদ্দ বাতিল করে মিলনায়তন তাদের বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আম্বিয়া-প্রধানের যুক্ত বিবৃতিতে বলা হয়, “আইইবি নেতৃত্বের প্রতি ইনু-শিরীন অংশকে বেআইনিভাবে দেয়া আইইবি মিলনায়তন বরাদ্দ বাতিল করে আইনগতভাবে প্রাপ্য জাসদকে আইইবি মিলনায়তন বরাদ্দ দেবার এবং জালিয়াতি ও প্রতারণার সহায়তাকারী কর্মকর্তাদের শাস্তিপ্রদানের জন্য দাবি জানাচ্ছি।”