কাউন্সিলের ঘোষণাপত্রে থাকবে সরকার পরিবর্তনের রূপরেখা: সেলিম
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্রে সরকার পরিবর্তনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য থাকবে বলে জানিয়েছেন দলটির কাউন্সিলের ঘোষণাপত্র উপ কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম।
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘোষণাপত্র উপ-কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সম্মেলনের ঘোষণাপত্রের আলোকে আওয়ামী লীগের আগামী নির্বাচনের ইশতেহার তৈরি করা হবে।
“অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশেকে যাতে আর যেতে না হয়, সে বিষয়টি স্পষ্ট থাকবে। সরকার পরিবর্তন বুলেটে নয়, ব্যালটে হবে। সেই বিষয়টিও ঘোষণাপত্রে থাকবে।”
আগামী ২২ থেকে ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির ২০তম জাতীয় সম্মেলন।
এবারের সম্মেলনের ঘোষণাপত্রেও যুদ্ধাপরাধীদের বিচারের কথাটি থাকবে বলে জানান ঘোষণাপত্র উপ কমিটির আহ্বায়ক শেখ সেলিম।
তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের কথাটি বরাবরের মতো এবারও আমাদের ঘোষণাপত্রে থাকবে। দেশে একজন যুদ্ধাপরাধী থাকা পর্যন্ত তার বিচার হবে।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন “২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করার জন্য গৃহীত ১০টি মেগাপ্রকল্পের ঘোষণা থাকবে, যা বাস্তবায়ন হবে ২০৪০ সালের মধ্যে। এসব প্রকল্প সম্পূর্ণ হলে দেশের অর্থনৈতিক ভিত মজবুত হবে।”
আওয়ামী লীগের এবারের ঘোষণাপত্রে সামাজিক নিরাপত্তার কথা রাখা হয়েছে জানিয়ে সেলিম বলেন, “সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করতে সরকারের গৃহীত পদক্ষপের কথাও উল্লেখ থাকবে।
“আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র জয় করেছি। সমুদ্রে যে প্রচুর পরিমাণ ঐশ্বর্য রয়েছে তা ব্যবহারের প্রক্রিয়াও আমাদের ঘোষণাপত্রে থাকবে।”
বৈঠকে অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মাহবুব-উল আলম হানিফ, দীপু মণি, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, আহমদ হোসেন, আ ফ ম বাহা উদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, র আ ম উবায়দুল মোক্তাদির উপস্থিত ছিলেন।
