দেশটা খালেদা-হাসিনা-এরশাদের একার না: ফখরুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার দিকে ইঙ্গিত করে যে কারও ‘স্বেচ্ছাচারিতা’ ঠেকাতে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘শহীদ জেহাদ দিবসে’ সোমবার এক আলোচনা সভায় তিনি বলেন, “এদেশটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একার দেশ নয়, এদেশটা শেখ হাসিনার একার দেশ নয়, এদেশটা হুসেইন মুহাম্মদ এরশাদের একার দেশ নয়, এটা আমাদের ১৬ কোটি মানুষের দেশ।
“এই দেশের মালিক হচ্ছে জনগণ। কেউ তার ইচ্ছামতো এ দেশকে ধ্বংস করবে, গণতন্ত্রকে ধ্বংস করবে, মানুষের অধিকারগুলোকে নিয়ে ছিনিমিনি খেলবে, আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে যাবে- আর আমরা বসে বসে সেটা দেখব, সেটা হতে পারে না।”
১৯৯০ সালের ১০ অক্টোবর ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদ পুলিশের গুলিতে মারা যাওয়ার পর আন্দোলত তীব্র হয়, যার ফলে পতন ঘটে এরশাদ সরকারের।
দিনটি উপলক্ষে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে‘জেহাদ স্মৃতি পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে ফখরুল আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধেও স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনার অভিযোগ আনেন। দেশের বর্তমান পরিস্থিতিকে জাতির অস্তিত্ব বিলোপ হওয়ার মতো অবস্থার সঙ্গে তুলনা করে তা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
“মানবসভ্যতার ইতিহাসে বহু নিদর্শন আছে, নিজেদের ব্যর্থতার কারণে একটা জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে, মানচিত্র থেকে সরে গেছে। আজকে কিন্তু আমাদের এই অবস্থা তৈরি হয়েছে।আমরা যদি নিজেরাই সংগঠিত হতে না পারি, আমাদের যদি নিজেদের সমস্যাগুলো বুঝতে না পারি, তাহলে মানচিত্র থেকে সরে যাওয়া আমাদের জন্য কিন্তু বিস্ময়কর ব্যাপার হবে না।”
বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির এক হাজারের বেশি নেতা-কর্মী প্রাণ দিয়েছেবলেও দাবি করেন ফখরুল।
“আমাদের কাছে তালিকা আছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, পারভেজসহ ৫০০ নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে।দেশটা একটা হত্যাপুরীতে পরিণত হয়েছে।এখানে মানুষকে মেরে ফেললে জবাবদিহি করতে হয় না। অবলীলায় হত্যা করে, কোনো জবাবদিহিতা নেই।”
সরকারের বিরুদ্ধে জনমত গঠনে নেতা-কর্মীদের নিজেদের বিভেদ ভুলে সক্রিয় হওয়ার তাগিদ দেন বিএনপি মহাসচিব।
“আমাদের সকলকে ঘরে ঘরে গিয়ে মানুষের মধ্যে বোধ তৈরি করতে হবে, মানুষের মধ্যে প্রতিবাদ করার ক্ষমতা তৈরি করতে হবে। শুধু কমিটি করে দিলাম, কমিটি হয়ে গেল, কমিটি নিয়ে বসে থাকলাম, তারপরে সব ভুলে গেলাম-এটা করলে কিন্তু চলবে না।”
জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এই আলোচনায়
সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, খোন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন আহমেদ মনি, আসাদুর রহমান খান, এবিএম মোশাররফ হোসেন, ইশতিয়াক আহমেদ নাসিম বক্তব্য রাখেন।
