২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিও আইন নিয়ে উদ্বেগ ফখরুলের

বিদ্বেষমূলক বক্তব্যের জন্যে এনজিও’র নিবন্ধন বাতিলের বিধান রেখে জাতীয় সংসদে সদ্য পাস হওয়া বৈদেশিক অনুদান সম্পর্কিত আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 08:56 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

পুরনো খবর:

এনজিও আইনে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতিকে অনুরোধ
‘বিদ্বেষমূলক’ বক্তব‌্য দিলে এনজিওর নিবন্ধন বাতিল

সোমবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় এই উদ্বেগের সঙ্গে ‘বাক-স্বাধীনতা রক্ষায়’ ক্ষমতাসীনদের বিরুদ্ধে ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার আহ্বান জানান এই বিএনপি নেতা।

ফখরুল বলেন, “আমাদের(বিএনপি) মারছে, ধরছে, জেলে নিচ্ছে। এখন এনজিও যারা কিছুদিন আগেও বিভিন্ন রকম কথা বলেছে- আইনের শাসনের কথা, সৎ মানুষ খোঁজা, সৎ নেতৃত্ব খোঁজা, যোগ্য নেতৃত্ব খোঁজা…

“এখন তাদের ওপরেও এরা (আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার) চড়াও হয়েছে যে, তোমরা আমাদের বিরুদ্ধে একটা কথাও বলতে পারবা না।অর্থাৎ এরা কাউকে ছাড়বে না, ফ্যাসিবাদীরা কাউকেই ছাড়ে না।”

এ অবস্থায় জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে সবাই রুখে দাঁড়াতে না পারলে কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

গত ৫ অক্টোবর সংসদে বৈদেশিক অনুদান(স্বেচ্ছাসেবামূলক কার্য্ক্রম) রেগুলেশন বিল-২০১৬ পাসের পর ইতোমধ্যে রোববার এক সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল এবং বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রসহ ১৮টি স্বেচ্ছাসেবী বেসরকারি প্রতিষ্ঠানের নেতারা আইনটিকেবাক-স্বাধীনতা ও মৌলিক অধিকার খর্বের শামিল দাবি করে উদ্বেগ প্রকাশ করেছেন।

একইসঙ্গে কোনো আইনের খসড়া সংসদে পাসের পর নিয়ম অনুযায়ীরাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট জারি হওয়ার কথা থাকলেও এসব বেসরকারি সংস্থার নেতারা রাষ্ট্রপতিকে ওই আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছেন।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে‘শহীদ জেহাদ দিবস’ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জেহাদ স্মৃতি পরিষদ।

এরশাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ১৯৯০ সালের ১০ অক্টোবর রাজধানীর দৈনিক বাংলা মোড়ের কাছে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা জেহাদ নিহত হন।

জেহাদের মৃত্যুবার্ষিকীর দিন সকালে দৈনিক বাংলার মোড়ে ডাকসুর তৎকালীন ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের নেতৃত্বে নেতাকর্মীরা জেহাদ স্মৃতি স্তম্ভে ফুল দেন।

পরে আমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি মহাসচিব ছাড়াও তৎকালীন ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম,  মোস্তাফিজুর রহমান বাবুল, খোন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন আহমেদ মনি, আসাদুর রহমান খান, এবিএম মোশাররফ হোসেন ও ইশতিয়াক আহমেদ নাসিমবক্তব্য রাখেন।