সুচিকিৎসার জন্য রিজভীর মুক্তি চায় বিএনপি
নাশকতার একাধিক মামলায় কারাগারে থাকা রুহুল কবির রিজভীকে অসুস্থ দাবি করে সুচিকিৎসার জন্য অবিলম্বে তার মুক্তি চেয়েছে বিএনপি।
সোমবার নয়া পল্টনে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্রের দায়িত্বে থাকা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ দাবি জানান।
তিনি বলেন, “পরিবার থেকে আমরা জানতে পেরেছি, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পেটের অসুখসহ অন্যান্য জটিল রোগে ভুগছেন।
“আমরা অবিলম্বে রিজভীর সুচিকিৎসা ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।”
একইসঙ্গে দলের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আসলাম চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ গ্রেপ্তার অন্য নেতাকর্মীদেরও মুক্তির দাবি জানান দুদু।
বাড্ডা, খিলগাঁও, মতিঝিল, পল্লবী ও রমনা থানার একটি করে মামলায় ১৮ আগস্ট রিজভী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শনিবার কাশিপুর কারাগার থেকে ফিরে স্ত্রী আরজুমান আরা বেগম সাংবাদিকদের জানান, কারাগারে তার স্বামী গুরুতর অসুস্থ।
শামসুজ্জামান দুদু বলেন, “স্বৈরাচার এরশাদের আমলে রিজভীর পেটে গুলি লাগার পর অস্ত্রোপচারের মাধ্যমে খাদ্যনালীর কিছু অংশ কেটে ফেলার কারণেই তিনি প্রায় সময়ই পেটে অসহ্য ব্যথা অনুভব করেন এবং অনর্গল বমি করতে থাকেন।
“এরকম সমস্যা হলেই তিনি খাবার খেতে পারেন না। তাকে স্যালাইনের মাধ্যমে তরল খাবার খেতে হয়। গত ১৮ অগাস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের আগে রিজভী পেটে অসহ্য ব্যথা অনুভব করলে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”
দেশের আইন-কানুন ও বিচারিক রায়কে সরকার শ্রদ্ধা করে না অভিযোগে করে তিনি বলেন, “উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও অনেক ক্ষেত্রে কারাফটক থেকে নিত্য-নতুন সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় আটকে রাখছে।
“সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর এহেন তৎপরতা দেশের আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। এটা মানবাধিকার ও মৌলিক অধিকার হরণের প্রকৃষ্ট উদাহরণ।
“আমরা এই ধরণের বেআইনি কর্মকাণ্ড থেকে সরকারকে সরে আসার আহ্বান জানাচ্ছি।”
বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আজম খান, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আজিজুল বারী হেলাল, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন ও সাইফুল ইসলাম পটু এসময় উপস্থিত ছিলেন।
