আওয়ামী লীগের সম্মেলনে ঢাকাও ‘সাজবে’
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও দলীয় কার্যালয়ের পাশাপাশি রাজধানী ঢাকাকেও ‘দৃষ্টিননন্দন’ সাজে সাজানোর পরিকল্পনা হয়েছে।
এই সাজসজ্জা হবে বিমানবন্দর থেকে সম্মেলনস্থলের গেইট পর্যন্ত; গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর দুই পাশে শোভা পাবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত বড় বড় ফেস্টুন।
কাউন্সিল-ডেলিগেটদের জন্য ঢাকার প্রবেশপথগুলোতে থাকবে অভ্যর্থনা কেন্দ্র। থাকবে ফানুসের মত কাগজে মোড়ানো আলোকসজ্জা; বিভিন্ন রাস্তার ল্যাম্পপোস্ট থেকে ঝুলবে ফুলের টবসহ রং বেরংয়ের বেলুন।
বাংলাদেশকে ‘এগিয়ে নেওয়ার’ অঙ্গীকার নিয়ে হতে যাওয়া ২০তম সম্মেলনে ঢাকাকে নতুনরূপে সাজানোর কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
“সব মিলিয়ে ২২-২৩ তারিখ সম্মেলনের আগেই ঢাকাকে নতুন আঙ্গিকে দেখা যাবে।”
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ১৪দলীয় জোটের নেতাসহ দেশি-বিদেশি রাজনীতিক, কূটনীতিক ও নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানান তিনি।
সম্মেলন ঘিরে এরইমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে বসানো হয়েছে প্রস্তুতি উপ কমিটির বেশ ক্যাম্প।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এবং বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয় ও এর আশপাশের রাস্তা সাজানোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, ভবনগুলোতে করা হয়েছে আলোকসজ্জা।
ক্ষমতাসীন দলের এবারের সম্মেলনের শ্লোগান- ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’।
আয়োজনের অগ্রগতি নিয়ে শনিবার ধানমন্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে সাজ-সজ্জা উপকমিটির সভা হবে বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ক্ষমতার ধারাবাহিকতা ধরে রাখতে এবার সম্মেলনে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
“বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার জন্য উন্নয়নের মহাসড়কের চাকা আরও বেগবান করা হবে। ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করার জন্য নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে চাই এই সম্মেলনের মাধ্যমে।”
সম্মেলনের ৯০ ভাগ প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। এবারের সম্মেলনে সারা দেশ থেকে যোগ দেবেন ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর।
বিভিন্ন দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশা করছেন অভ্যর্থনা উপ-কমিটির সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
সম্মেলনের প্রস্তুতি নিয়ে গত মাসে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, “দেশ বিদেশ থেকে কাউন্সিলর ডেলিগেটরা আসবেন তাদের সুশৃঙ্খলভাবে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
চার বছর আগে আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সৈয়দ আশরাফ।
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের, যে দলের নেতৃত্বে প্রায় দুই যুগ পর স্বাধীন হয় বাংলাদেশ।
