২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত নেতার স্বজনদের ভয়ভীতি দেখানোর অভিযোগ যুবদলের

সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়ন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তার পরিবার ও সাভারে সংগঠনের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী যুবদল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 01:46 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ বলেন, “রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে পুলিশ শাহ আলম নয়নকে গ্রেপ্তার করে ক্রসফায়ারে হত্যা করার পর থেকে পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে তারা যেন কোনো কথা না বলে।

“সাভারে যুবদলের নেতাকর্মীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, তারা কেউ বাড়িঘরে থাকতে পারছেন না। আমরা এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাই।”

সংবাদ সম্মেলনে নিহত নয়নের পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা থাকলেও তারা ভয়ে আসতে পারেন নি বলে জানান আবদুস সালাম।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

গত শুক্রবার গভীর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ নার্সারির পাশে গোলাগুলিতে নয়ন নিহত হন বলে পুলিশের ভাষ্য।

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এ পর্যন্ত যুবদলের ২৪ জন নেতাকর্মী গুম-খুন হয়েছেন বলেও অভিযোগ তোলেন আবদুস সালাম।

পরে তিনি নয়ন হত্যার প্রতিবাদে দুইদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে আছে- বুধবার ঢাকা জেলার সব থানা ও পৌরসভায় বিক্ষোভ; বৃহস্পতিবার সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ।

সংবাদ সম্মেলনে যুবদলের সহ-সভাপতি আব্দুল খালেক, মোরতাজুল করিম বাদরু, মীর রবিউল ইসলাম লাভলু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল খালেক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, ঢাকা জেলা যুব দলেরর আহ্বায়ক নাজিমউদ্দিন, ওয়ালিদ খান ও গিয়াসউদ্দিন মামুন উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

সাভারে কথিত বন্দুকযুদ্ধে যুবদল নেতা নিহত