২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে হত্যা নয়, ফাঁসির ব্যবস্থা করুন: মওদুদ

জঙ্গিদের বিচারিক প্রক্রিয়া শুরুতে বিলম্বের জন্য ‘জনমনে সন্দেহ’ তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, তাদের গুলি করে হত্যা নয়, বিচারের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 10:54 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

রোববার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জঙ্গিদের কোনো জাতি নাই, ধর্ম নাই। বিভ্রান্ত কিছু মানুষ এর সঙ্গে জড়িত।

জঙ্গি নির্মূলের জন্য দুটি শর্তের কথা বলেন মওদুদ: “প্রথমত, অবিলম্বে একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হবে, যেটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার হবে।

“দ্বিতীয়ত, একটি জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। দলমত নির্বিশেষে সকলের জন্য এটা একটি ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করেছে দেশের মানুষের মনে, সেজন্য সকলে মিলে এই জঙ্গিবাদকে নির্মূল করতে হবে। এর কোনো বিকল্প নাই।”

জঙ্গিবাদ নির্মূলে সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়ে মওদুদ আহমদ বলেন, “সরকার যদি সত্যিকার অর্থে এদেশ থেকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল করতে চান, আমরা তাদের সহযোগিতা করতে রাজি আছি। তারা উদ্যোগ গ্রহণ করুক।

“সারাদেশে সকল দল, শ্রেণি এবং যেসব পেশাজীবী মানুষ আছে, সবাইকে নিয়ে একসঙ্গে আসুন। কারণ জঙ্গিবাদ সকলের জন্য বিপজ্জনক।”

বিভিন্ন অভিযানে জঙ্গিরা নিহত হওয়ায় জঙ্গি দমনে সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে মন্তব্য করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, “আসামিদের ধরছেন, বললেন এরাই মূল হোতা, মাস্টারমাইন্ড। পত্রিকায় কল্যাণপুরের ঘটনায় নিহতদের পোস্টমর্টেম প্রতিবেদনে তাদের পেছন দিকে থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে বলে বলা হয়েছে।

“গুলি করে মেরে ফেলার অর্থটা কী? মানে হলো আপনি তদন্ত চান না, সত্যিকারের যে তথ্য সেটা আপনি বের করতে চান না। এটা কেন চান না- এজন্য মানুষের মনে বিরাট একটা সন্দেহ দেখা দিয়েছে।”

জঙ্গিদের ‘জীবিত যদি রাখা যেত, তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যেত’ বলেও মন্তব্য করেন মওদুদ আহমদ।

দেশে বিচারবহির্ভূত হত্যা অনেক বেড়ে গেছে দাবি করে তিনি বলেন, “আমি কোনোদিন শুনি নাই পৃথিবীর কোনো দেশে আসামিকে গুলি করে মেরে ফেলতেছে। তাদের এভাবে পেছন দিক থেকে গুলি করে হত্যা করা অর্থাৎ এই বিষয়গুলো মানুষের মনে অনেক সন্দেহ সৃষ্টি করেছে।

“আসামির বিচার করে ফাঁসির ব্যবস্থা করেন। যে নেটওয়ার্কের কথা বলেন, যেসব সম্পর্কের কথা বলেন, তার মাধ্যমে সেসব উদঘাটন করার চেষ্টা করেন।”

জঙ্গি হামলার বিচারিক প্রক্রিয়া শুরু করতে না পারলে তা সরকারের একটি অংশের মধ্যে তাদের প্রতি দুর্বলতার প্রমাণ দেবে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জেএমবির শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও বিচার করার কথা বলেন ওই সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদ।

জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, “এই পদক প্রত্যাহার করে সরকার একটা নিম্নমান ও নিচু মনের পরিচয় দিয়েছেন। এটা তাদের ভুল এবং অত্যন্ত আত্মঘাতী একটি সিদ্ধান্ত। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বক্তব্য দেন।