কাসেমের ফাঁসিতে পাকিস্তানের মর্মাহত হওয়া স্বাভাবিক: দীপু মনি
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো স্বাভাবিক বলে মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মান বজায় রেখে, শতভাগ স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে। তারপরও পাকিস্তান সবসময়ই এইরকম বিবৃতি দিয়ে যাচ্ছে।
“এটা অস্বাভাবিক কিছু নয়। এটা স্বাভাবিক ঘটনা। আগেও রায়গুলোর সময় তারা মর্মাহত হয়েছে।”
শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারের একাত্তরে চট্টগ্রামের আল-বদর কমান্ডার মীর কাসেমের ফাঁসি কার্যকরের পর এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ত্রুটিপূর্ণ বিচারে’ ১৯৭১ এর ডিসেম্বরের আগে অপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশের জামায়াতে ইসলামীর ‘প্রখ্যাত’ নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান গভীরভাবে মর্মাহত।
এর আগেও যুদ্ধাপরাধে জামায়াতের অন্য নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পর একই ধরনের প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। প্রতিবাদে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে পাকিস্তান।
মীর কাসেমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে বিরোধীদের দমন পুরোপুরি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি মনে করেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যদিয়ে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর সৃষ্ট বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়া গেছে।
তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে আমরা পঁচাত্তর পরবর্তী সময়ের বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পেরেছি।”
ওই বিবৃতির মাধ্যমে জামায়াত নেতারা একাত্তরে যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন তা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন দীপু মনি।
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে দলটির আসন্ন জাতীয় সম্মেলন উপলক্ষে গঠনতন্ত্র উপ-কমিটির বৈঠক হয়।
কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী।
সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, দলের গঠনতন্ত্রে কোনো পরিবর্ধন, পরিবর্তন এবং সংযোজন করা হবে কি না- সে বিষয় নিয়ে তারা কাজ করছেন। তাদের সুপারিশ দলের কার্যনির্বাহী সভায় আলোচনা হবে। সেখান থেকে সুপারিশ আকারে সম্মেলনে যাবে এবং যার চূড়ান্ত রূপ দেওয়ার ক্ষমতা সম্মেলনের প্রতিনিধিদের।
কার্যনির্বাহী কমিটির আকার বাড়ানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “দেশের জনসংখ্যা বেড়েছে কিন্তু আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ হলো দলের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্তর।
“এর পদের সংখ্যা বাড়ানো নিয়ে গণমাধ্যমেও অনেক আলোচনা হয় যে, দেশের মানুষ ১৬ কোটি আর আওয়ামী লীগের কার্যোনির্বাহী কমিটি মাত্র ৭৩ সদস্যের। তবে আওয়ামী লীগ সবসময় বলছে সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদের পরিধি ঢাউস করা হবে না।”
উপ-কমিটির প্রাথমিক সুপারিশ সম্পর্কে আহ্বায়ক বলেন, “বর্তমানে সাত বিভাগে সাতজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। ময়মনসিংহ নতুন বিভাগ হওয়ায় সেখানে একজন সাংগঠনিক সম্পাদক প্রয়োজন।
“এছাড়া কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার জন্য সরকারের যে পরিকল্পনা রয়েছে সেখানেও নতুন সাংগঠনিক সম্পাদক পদ সৃষ্টির সুপারিশ করা হবে।”
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদ সৃষ্টির সুপারিশ করা হবে জানিয়ে তিনি বলেন, “কারণ এর মাধ্যমে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।”
