বিএনপিকে বাংলাদেশ ন্যাস্টি পার্টি বললেও ভুল হবে না: শাজাহান
বিএনপিকে বাংলাদেশ ন্যাস্টি পার্টি বললেও ভুল হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “এই বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা, বাস-ট্রাক ও দোকান পুড়িয়ে নগ্ন নজির সৃষ্টি করেছে। মানুষ পুড়িয়ে হত্যা কোনো ধর্মে নেই, সমাজে নেই, গণতন্ত্রেও নেই।
“…তবুও তারা এ ধরনের হীন কাজ করেছে। এমনকি আমাদের অস্তিত্বের চিহ্ন শহীদ মিনারেও তারা হামলা চালিয়েছে। তাই বিএনপিকে ন্যাস্টি পার্টি বলে আখ্যায়িত করলেও ভুল হবে না।”
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভার আয়োজন করে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ।
এতে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা শাজাহান খান।
“সবাই মনে করে বিশ্ব মুসলিম উম্মার শক্র ইহুদি বা ইসরাইল; আর এই ইসরাইলের মোসাদের সাথে হাত মিলিয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
জঙ্গিবাদকে ‘বিষফোঁড়া’ মন্তব্য করে নৌমন্ত্রী বলেন, “এই বিষফোঁড়া নির্মূলে আমাদের দেশে একজন ভালো সার্জন আছেন, আর তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি এই বিষফোঁড়ার ভালো অপারেশন করতে পারেন। আর আশেপাশের আমরা হলাম নার্স বা সেবিকা।”
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক কামরুল আনামের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সদস্য সচিব বদরুদজা নিজাম, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, শামীমা শিরিন, পারুল খাতুন উপস্থিত ছিলেন।
