ঘরে বসে না থেকে মাঠে নামুন, নেতাকর্মীদেরকে মোশাররফ
দেশে পরিবর্তন আনতে ঘরে বসে রাজনীতি না করে রাজপথে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশে আজ গণতন্ত্র নাই, আইনের শাসন নাই। বর্তমান ক্ষমতাসীন সরকার একটা ফ্যাসিবাদী সরকার। তারা রাষ্ট্র ক্ষমতাকে আকড়ে ধরে রাখতে মানুষের জীবন নিয়ে খেলছে।
“আমাদের মনে রাখতে হবে, ঘরে বসে রাজনীতি হয় না। এজন্য মাঠে থাকতে হবে। দেশে পরিবর্তন আনতে হলে গণজোয়ার সৃষ্টি করতে হবে।”
বিএনপি সাবেক মহাসচিব মরহুম সালাম তালুকদারের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে ব্যারিস্টার সালাম তালুকদার স্মৃতি সংসদ।
১৯৯৯ সালের ২০ অগাস্ট অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে নেওয়ার পথে মারা যান ব্যারিস্টার সালাম তালুকদার।
দলের সাবেক এই মহাসচিবের অবদানের কথা উল্লেখ করে বিএনপি খন্দকার মোশাররফ বলেন, “দেশে যখন গণতন্ত্র অনুপস্থিত, তখন বুঝা যায়, গণতন্ত্র কী প্রয়োজন। এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আবদুস সালাম তালুকদার।
“স্বৈরাচার পতন আন্দোলনে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার যেমন দেশনেত্রীর আহ্বানে জীবন বাজি রেখেছিলেন। তেমনিভাবে আমাদেরকে খালেদা জিয়ার আহ্বানে রাজপথে থাকতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সাবেক সাংসদ নিলুফার চৌধুরী মনি, শামসুজ্জামান মেহেদী ও ওবায়দুল হক নাসিম বক্তব্য রাখেন।
