খুনিদের স্বপ্ন পূরণ হয়নি, এটাই সান্ত্বনা: তোফায়েল
খুনিরা জাতির পিতাকে হত্যায় সফল হলেও তাদের ‘স্বপ্ন পূরণ হয়নি’ মন্তব্য করে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশকে এগিয়ে নিয়ে চলেছেন তার মেয়ে শেখ হাসিনা।
পৃথিবী যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন মানুষের হৃদয়ে থাকবেন বলেও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।
শিল্পকলা একাডেমিতে জাতীয় শোক দিবসের আলোচনায় বঙ্গবন্ধু হত্যার ঘটনাক্রম তুলে ধরে তোফায়েল বলেন, দুঃখের মধ্যেও ভাবতে ভাল লাগে, তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।
“শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশে ছিলেন না বলেই বেঁচে আছেন। … উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর রক্তের কোনো উত্তরসূরি যেন বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব লাভ করতে না পারে, সেজন্য রাসেলকেও হত্যা করা হয়েছিল।”
বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধ, আশা-আকাঙ্ক্ষাকে হত্যার চেষ্টা হয়েছিল বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
“সেদিন চেষ্টা করেছিল বাংলাদেশকেই হত্যা করার। আমাদের যে আদর্শ, জাতির পিতার যে আদর্শ, তার চিন্তা-চেতনা, স্বাধীনতার মূল্যবোধ, আশা-আকাঙ্ক্ষাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।”
যতদিন পৃথিবীর আলো-বাতাস, চন্দ্র-সূর্য থাকবে ততদিন বঙ্গবন্ধু বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায় বিরাজ করবেন মন্তব্য করে তিনি বলেন, “এবারের ১৫ অগাস্ট আরেকবার প্রমাণ করেছে- ব্যক্তি মুজিব টুঙ্গীপাড়ায় ঘুমিয়ে আছেন। কিন্তু আদর্শ মুজিব, বাংলার মানুষের নয়নের মণি মুজিব, বাঙালির হৃদয়ের মণিকোঠায় বিরাজ করছেন।”
‘বঙ্গবন্ধুর স্নেহ, আদর আর ভালবাসা আমার চলার পথের পাথেয়’ উল্লেখ করে তার এক সময়ের রাজনৈতিক সচিব তোফায়েল বলেন, একমাত্র তিনিই নেতা ছিলেন, যিনি আপস করেননি, ছিলেন আপসহীন।
“বার বার কত রকম সুবিধার প্রস্তাব এসেছে, তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।… ১৪ বছর তিনি কারাগারে কাটিয়েছেন। … পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। কিন্তু যারা করেছে, তারা পাকিস্তারের প্ররোচনায় করেছে।”
জাতিসংঘে বাংলায় বঙ্গবন্ধুর ভাষণ দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “জাতিসংঘে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেওয়ার পর বিশ্ব নেতারা বলেন, সত্যিই তোমরা গর্বিত জাতি, তোমরা তোমাদের নেতাকে নিয়ে গর্ব করতে পার।
“তোমাদের নেতা কেবল বাংলাদেশের নেতা নন, এশিয়ার নেতা নন, সারা দুনিয়ার নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা।”
দেশ এগিয়ে চলছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, “শেখ হাসিনা যদি আওয়ামী লীগের সভানেত্রী না হতেন বঙ্গবন্ধুর হত্যার বিচার হত না, যুদ্ধাপরাধীদের বিচার হত না।
“বাংলাদেশ আজ বিশ্বে মার্যাদাশালী দেশ। বঙ্গবন্ধু যা করতে চেয়েছিলেন, সেই পথেই শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলছেন।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সভাপতি সংসদ সদস্য মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক নবীন কিশোর গৌতম বক্তব্য দেন।
