‘জরুরি’ সংবাদ সম্মেলনে আসছেন সুবিদ আলী
জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলে সমালোচনার মুখে পড়া আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়া ‘জরুরি সংবাদ সম্মেলন’ ডেকেছেন।
বৃহস্পতিবার বিকাল ৫টায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হবে বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা-২ এর পরিচালক লাবন্য আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কমিটির মাননীয় সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার বক্তব্য গণমাধ্যমে বিকৃতভাবে প্রকাশ ও প্রচারের বিষয়ে তার দৃষ্টি আকৃষ্ট হয়েছে।”
বুধবার সংসদীয় কমিটির ওই বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলে সুবিদ আলী দাবি করেন বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক সদস্য নিশ্চিত করেন।
এরপর বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য সুবিদ আলীকে ভর্ৎসনা করেন বলেও তারা জানান, যা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়।
একাত্তরে জিয়ার সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সুবিদ আলী সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী থাকার সময়।
সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে কুমিল্লা-১ (দাউদকান্দি) আসন থেকে এনিয়ে দ্বিতীয়বার সংসদে প্রতিনিধিত্ব করছেন।
