২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারপন্থিরা বিএনপির গুরুত্বপূর্ণ পদে: হান্নান শাহ

সদ্য ঘোষিত বিএনপির কমিটিতে কথিত সংস্কারপন্থিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 08:17 PM

Updated : 12 Apr 2022, 02:39 AM

শনিবার দুপুরে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

হান্নান শাহ বলেন, “বিগত দিনে যারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে গালাগালি দিয়েছে, বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করেছে, এমনকি মান্নান ভূঁইয়ার পেছনে ঘুরঘুর করেছে, তারাই বিএনপির নতুন কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

“যারা মাঠের রাজনীতিতে ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবাইকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।”

১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০০৭ সালের ২৫ জুন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া দলের অভ্যন্তরে ১৫ দফা সংস্কার প্রস্তাব দিলে এর প্রতি দলের ১২৭ জন সাবেক মন্ত্রী-সাংসদ তাকে সমর্থন দেয়।

সেই থেকে ওই অংশটিকে সংস্কারপন্থি বলে বিএনপিতে চিহ্নিত।

সংস্কার প্রস্তাবের পর সেসময় খালেদা জিয়া গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া, যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে বহিষ্কার করেন। সেসময় দলের মহাসচিব হিসেবে নিয়োগ পান খোন্দকার দেলোয়ার হোসেন।

তবে বক্তব্যে সংস্কারপন্থিদের কারো নাম উল্লেখ করেননি হান্নান শাহ।

‘যাদের বিরুদ্ধে মামলা নাই এমন নেতারা নতুন কমিটিতে স্থান পেয়েছে’ অভিযোগ করে তিনি বলেন, “যাদের রাজনীতিতে অবদান নাই এমন অপরিচিত নেতারাও কমিটিতে এসেছে।”

পদবঞ্চিতদের উদ্দেশে হান্নান শাহ বলেন, “ধৈর্য্য ধরুন। মূল্যায়ন করা হবে। আশা করি দলের চেয়ারপারসন ম্যাডাম এ বিষয়টির দ্রুত সমাধান করবেন।”

কমিটি নিয়ে আওয়ামী লীগের মন্ত্রী-নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “আরে ভাইরা, বিএনপি তো কাউন্সিল করে কমিটি ঘোষণা করেছে, আপনারা তো এখন পর্যন্ত কাউন্সিলই করতে পারেননি। আজ নয়, কাল হবে এভাবে সময় পার করতাছেন। তাই সমালোচনার আগে নিজেদের চেহারাটা একটু আয়নায় দেখুন।”

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের রাজনীতিতে আসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তাকে ‘মায়াকান্না’ বলে মন্তব্য করেন হান্নান শাহ।

“পত্রিকায় খবর দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান রাজনীতিতে আসলে ভালো। আমি বলব এটা মায়াকান্না ছাড়া আর কিছুই না।”

সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ঢাকাস্থ বৃহত্তর দাউদকান্দি ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে পৃথক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেনও পদবঞ্চিতদের অপেক্ষা করার পরামর্শ দেন।

তিনি বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে সবাইকে একসঙ্গে সম্মানজনক পদ দেওয়া সম্ভব নয়। আপনারা (পদবঞ্চিত) ধৈর্য্য ধরুন। এক ব্যক্তি দুই পদে যারা আছেন, তারা একটি পদ ছেড়ে দিলে শূন্য পদগুলো পুনর্বিন্যাস করা হবে। সেখানে আপনাদের সুযোগ থাকবে।”