জঙ্গি দমন নিয়ে প্রশ্নের অবকাশ নেই: কামরুল
বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপির দুইবার থাকাকে ‘বাঙালির দুর্ভাগ্য’ বলে আখ্যায়িত করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন,“বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দলটির উত্থান হয়েছিল। এ বর্বরোচিত হত্যাকাণ্ডের আগে জিয়াউর রহমানের সাথে কুমিল্লা বার্ডে খুনিদের বৈঠক হয়েছিল। হত্যাকাণ্ডের দিনেও কর্নেল ফারুক জিয়ার কাছ থেকে হত্যা করার অনুমতি নিয়েছিল। জিয়া তখন বলেছিল, ‘আমি তোমাদের সাথে আছি’।
“মূলত বঙ্গবন্ধু হত্যার কুশীলব হিসেবে জিয়া কাজ করেছে। মৃত ব্যক্তিকে চার্জশিটে রাখা যায় না বলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া ও মুস্তাকের নাম বাদ দেওয়া হয়েছিল।”
কামরুল বলেন, “জঙ্গিবাদের মদদদাতা এ দলটি (বিএনপি) বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল- এটা বাঙালির জন্য দুর্ভাগ্য।”
জাতীয় শোক দিবসকে সামনে রেখে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে কামরুল বলেন, “ফখরুল সাহেব বলেছেন, জঙ্গিদের কেন আদালতে নেওয়া হয় না? তাদেরকে কেন হত্যা করা হয়? আমি বলব, তাহলে কী জঙ্গিদের আদর করবে? বিশ্বে যে পদ্ধতিতে জঙ্গি দমন করা হয়, বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী সে পদ্ধতিতেই জঙ্গি দমন করছে। এটা নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নাই।”
জঙ্গিবাদ ইস্যুতে আন্তর্জাতিক মহলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “আন্তর্জাতিক চক্র বাংলাদেশকে চিহ্নিত করেছে। তারা এদেশটাকে দাবার গুটি বানিয়েছে। কোন ঘটনা ঘটলেই নির্দিষ্ট কয়েকটা দেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কথা বলা শুরু করে দেয়। অথচ ফ্রান্সসহ অন্যান্য দেশে বড় বড় ঘটনা ঘটলেও এদের চোখ যায় না।”
অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার, অধ্যাপক খালেদা খানম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অরুণ সরকার রানা।
