২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গনের পথে বিএনপির ‘আনুষ্ঠানিক যাত্রা’ শুরু: হাছান

নতুন কমিটি থেকে নেতাদের পদত্যাগের মাধ্যমে ভাঙ্গনের পথে বিএনপির ‘আনুষ্ঠানিক যাত্রা’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 03:21 PM

Updated : 12 Apr 2022, 02:39 AM

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, গ্রামগঞ্জে ক্লাবের কমিটিতে অনেক লোকজন থাকে।

তিনি বলেন, “সম্প্রতি বিএনপি যে কমিটি দিয়েছে সেটা ক্লাবের কমিটির চেয়েও বড়। কোনো রাজনৈতিক দলের কমিটি এত বড় হয় না। এটা একটা সার্কাস।

“আর কমিটির এই অবস্থা দেখে ইতোমধ্যে দলের নেতারা পদত্যাগ শুরু করেছেন। অনেকে এই কমিটির প্রতি নাখোশ। এই কমিটির মাধ্যমে বিএনপি ভাঙ্গনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।”

বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভা করে।

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের বিচারের জন্য কমিশন গঠনের দাবি জানিয়ে হাছান বলেন, “বঙ্গবন্ধু হত্যায় জড়িত কুশীলবদের বিচার করার জন্য একটি কমিশন গঠনের দাবি জানাচ্ছি।

“সাথে সাথে এই কুশীলবদের ইতিহাস বইপুস্তকেও লিপিবদ্ধ করতে সরকারের কাছে দাবি জানাই। তাদের কুকর্মের ইতিহাস জাতিকে জানাতে হবে।”

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়মী লীগ নেতা এম এ করিম।