দুই নেত্রী এখনও ঝগড়াই করছেন: নাজমুল হুদা
দেশে জঙ্গি হামলার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি প্রধান খালেদা জিয়া ‘ঝগড়া করছেন’ বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান নাজমুল হুদা।
বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে তৃণমূল বিএনপির চট্টগ্রাম নগর কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে তিনি একথা বলেন।
‘জনগণের ইচ্ছার প্রতিফলন হয়’ এমন একটি জাতীয় নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি।
নাজমুল হুদা বলেন, “তারা (দুই নেত্রী)চিন্তা করেছেন- তারা ঝগড়া করবেন, এখনও ঝগড়াই করছেন।
“এত বড় সহিংসতা ঘটে যাচ্ছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দুনিয়ার সব কিছু হচ্ছে। কিন্তু তাদের মধ্যে এখনও ঝগড়া শেষ হয়নি। একে অন্যকে ব্লেইম করে চলেছেন- আপনি জঙ্গিবাদের জন্য দায়ী, আপনি দায়ী ইত্যাদি ইত্যাদি।”
বিএনপির সাবেক এই নেতা বলেন, “বেগম খালেদা জিয়াকে ৫ জুন বলেছিলাম দয়াকরে প্রধানমন্ত্রীকে সংলাপে বসার আহ্বান জানান। আহ্বানটা প্রধানমন্ত্রীর জানানোর কথা, যেহেতু তিনি দায়িত্বে আছেন। তবে আপনারও দায়িত্ব কম না, যেহেতু বিরোধী দলের নেত্রী। যদি অহ্বান না জানান তাহলে সম্পর্ক ছিন্ন করব। কিন্তু তিনি আমার কথা শুনলেন না।”
বিভিন্ন সময় সংলাপ ও সংস্কারের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন নাজমুল হুদা।
তিনি বলেন,“বিএনপির রাজনীতি করে অনেক পেয়েছি। চারবার সংসদ সদস্য হয়েছি, মন্ত্রী হয়েছি, অনেক কাজ করার সুযোগ পেয়েছি।
“কিন্তু সত্যিকার অর্থে যে অভিষ্ট লক্ষ্য- বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও মর্যাদা সম্পন্ন অবস্থানে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করা, সেটা করতে পারিনি।”
‘শুধু নীতির’ কারণে বিএনপি ছেড়েছেন দাবি করে নাজমুল হুদা বলেন, “আমার পক্ষে হয়ত ক্ষমতায় যাওয়া প্রবলেম ছিল না। আমার নির্বাচনী এলাকা দোহার। এ চ্যালেঞ্জ মাননীয় প্রধানমন্ত্রীকেও দিতে পারি, আপনিও যদি এখানে এসে নির্বাচন করেন ইনশাল্লাহ হারাতে পারবেন না।”
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “স্বৈরাচার সব সময় ছিল এখনও আছে। বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু সদিচ্ছা যদি থাকে সেই স্বৈরাচার একদিন গণতন্ত্র দেয়।
“তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি সরকারের পাশে থেকে। যিনি আজকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, দেশের প্রধানমন্ত্রী, এমন কিছু নেই যা তিনি করতে না পারেন। তিনি ইচ্ছা করলেই সব কিছু দিতে পারেন। আমার তো অন্যদিকে তাকানোর কোনো দরকার নেই।”
সভায় আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মো. জামালকে সদস্য সচিব করে তৃণমূল বিএনপির ২১ সদস্যের নগর কমিটি ঘোষণা করা হয়।
পরবর্তীতে এই কমিটিই সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানান নাজমুল হুদা।
তৃণমূল বিএনপির কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা হয়।
