গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব গণবিরোধী: বিএনপি
আবাসিক ব্যবহারকারীদের গ্যাসের দাম দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাবকে ‘গণবিরোধী’ আখ্যায়িত করে অবিলম্বে ওই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।
বিএনপির নতুন কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, এখন গ্যাসের দাম বাড়ানো হলে তা হবে জনগণের জীবনযাত্রায় ‘মরার ওপর খাঁড়ার ঘা’।
“আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। গ্যাসের মূল্য বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার ওপর কী প্রভাব ফেলবে- সে বিষয়ে সকল স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ সমীক্ষা না করে গ্যাসের দাম বাড়ানো হবে চরম খামখেয়ালিপনা।”
সোমবার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আবাসিক ব্যবহারকারীদের গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করার প্রস্তাব তোলা হয়।
এতে এক চুলার মাসিক বিল ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা এবং দুই চুলায় ৬৫০ থেকে বাড়িয়ে ১২০০ টাকা করার কথা বলা হয়।
এর আগে গত বছর ২৭ অগাস্ট গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় বিইআরসি। সে সময় এক চুলা ব্যবহারকারীদের খরচ মাসে ৪০০ টাকা থেকে ৬০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৪৫০ টাকা থেকে বেড়ে ৬৫০ টাকা হয়।
এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন আলাল।
তিনি বলেন, “আমরা অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির এই গণবিরোধী প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।”
বিএনপির মুখপাত্র হিসেবে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এতোদিন নিয়মিত ব্রিফিংগুলো চালিয়ে এলেও সম্প্রতি এক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর আলালকে সেই জায়গায় দেখা গেল।
বর্তমান সরকারের সময়ে দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, “বিইআরসির নিয়ম অনুযায়ী এক বছরের আগে অথবা কম সময়ের মধ্যে দাম বাড়ানোর কোনো সুযোগ নাই। টিজিসিএল এখন কেন গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব আনল- এটা দেশের মানুষের কাছে একটা বড় প্রশ্ন।”
বর্তমানে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (টিজিসিএল) বার্ষিক মুনাফা ৪০০ কোটি টাকা জানিয়ে আলাল বলেন, “এই প্রতিষ্ঠান লোকসানী প্রতিষ্ঠান নয়। তাহলে কেন আরও মুনাফার জন্য জনগণের ওপর মূল্যবৃদ্ধি চাপিয়ে দেওয়া হবে? এ নিয়ে আমরা উদ্বিগ্ন, চিন্তিত। আমরা এর প্রতিবাদ করি।”
কোনো মহলের ‘সুবিধার জন্য’ দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে কি না- সেই প্রশ্ন তুলে এই বিএনপি নেতা বলেন, “এখন সরকার যদি ন্যূনতম জীবন ধারণের বেলাতেও জনগণকে দুর্দশায় ফেলে মুনাফাখোর হয়, তাহলে সাধারণ মানুষ বাধ্য হয়ে একদিন রাস্তায় নেমে আসবে।”
গ্যাসের দাম আবার বাড়ানো হলে দেশের অর্থনীতিতে এর ‘বিরূপ প্রভাব পড়বে’ বলেও সরকারকে সতর্ক করেন আলাল।
অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ সম্পাদক আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, জালাল আহমেদ মজুমদার, জয়ন্ত কুমার কুণ্ডু, আবদুল আউয়াল খান, সাইফুল ইসলাম, শামসুজ্জামান সুরজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
