২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটিতে নোমানকে না রাখায় চট্টগ্রাম বিএনপিতে ক্ষোভ

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে আবদুল্লাহ আল নোমানকে অন্তর্ভুক্ত করতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক এই মন্ত্রীর এলাকা চট্টগ্রামের বেশ কয়েকজন নেতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 09:26 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

চট্টগ্রাম মহানগর বিএনপির প্যাডে রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নোমানকে ‘ত্যাগী নেতা’ দাবি করে তাকে নতুন কমিটিতে ‘যথাযথ সম্মান না দেওয়ায়’ চট্টগ্রামের বিএনপিনেতারা ক্ষুব্ধ ও ব্যথিত বলে উল্লেখ করা হয়। নোমানকে স্থায়ী কমিটিতে না নিলে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকারও হুমকি দেওয়া হয়েছে।

বিবৃতিতে চট্টগ্রাম বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫১ জন নেতার নাম উল্লেখ রয়েছে।

শনিবার বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে, যেখানে নতুনদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম রয়েছে। বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান নোমান রয়েছেন একই পদে।

চট্টগ্রাম বিএনপির বিবৃতিতে বলা হয়, “সদ্য ঘোষিত কমিটিতে নোমানকে না রাখায় চট্টগ্রামের সকল পর্যায়ের নেতাকর্মী হতবাক, মর্মাহত ও বিস্মিত।”

নোমানকে দলের স্থায়ী কমিটিতে স্থান দিতে খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়ে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের ‘হতাশা’ দূর করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

তা না হলে বিএনপির নেতকার্মীরা ‘শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ বুকে ধারণ করে’ দলের সব সাংগঠনিক কাজ থেকে নিজেদের বিরত রাখবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে কোতয়ালী থানা বিএনপির সভাপতি এম এ সবুর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, আহমেদ উল আলম চৌধুরী রাসেল ও আবদুল মান্নানের স্বাক্ষর রয়েছে।